সময় কলকাতা ডেস্ক, ২৭ ডিসেম্বর: মকর সংক্রান্তির পুণ্য তিথিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে গঙ্গাসাগর মেলায়। নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। জানা গিয়েছে, ২০২৪-এর ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে গঙ্গাসাগর মেলা। বুধবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে সবিস্তর আলোচনা সারলেন মুখ্যমন্ত্রী। তবে, মেলা কতদিন চলবে, মেলায় আগত পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা থাকছে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ভিআইপিদের পাইলট কার নিয়ে গঙ্গাসাগরে বেশি ভিড় না করার আবেদনও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন আর্থিক সুবিধা পাবেন, দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি! জানুন রাশিফল
জানা গিয়েছে, ১২, ১৩ ও ১৪ জানুয়ারি সাগর আরতির ব্যবস্থা থাকবে। থাকছে ই-স্নানের ব্যবস্থা। গতবারের মত গঙ্গাসাগর মেলায় এই বছরও চালু থাকবে কিউ আর এবং বারবোড বেসড ওয়াটারপ্রুফ হাতের ব্যান্ড। যার মাধ্যমে গঙ্গাসাগর মেলায় ভিড়ে কেউ হারিয়ে গেলে তাঁকে খুঁজে পাওয়া সহজ হবে। মেলায় আগত সমস্ত প্রবীণ এবং শিশুদের বিনামূল্যে কিউ আর রিস্টব্যান্ড বাফার জোন থেকে দেওয়া হবে। মূলত কোনও মানুষ যাতে মেলায় এসে নিখোঁজ না হয়ে যান, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে রাজ্যপ্রশাসন। সাধারণ মানুষের যাতায়াতে সুবিধার জন্য এই বছর কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্থ অতিরিক্ত ২০০ বাস থাকবে। মেলার সময় বৈঠকে মুখ্যমন্ত্রী হাওড়া ও শিয়ালদহ থেকে ট্রেন বাড়ানোর আর্জি জানিয়েছেন রেলমন্ত্রীর কাছে। এছাড়াও ২,২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৬টি বার্জ থাকবে। প্রতিটি বার্জ ভেসেলে লাইফ জ্যাকেট থাকবে। কলকাতায় ১০টা ট্যুরিস্ট বাস রাখা হবে। সেইসঙ্গে থাকবে জিপিএস ট্র্যাকিং।
এবছর স্যাটালাইট ট্র্যাকিং থাকবে ইসরোর সহযোগিতায়, যাতে ইন্টারনেটে সমস্যা থাক লেও ভেসেল ট্র্যাকিংয়ে সমস্যা না হয়। এসবের পাশাপাশি গোটা পরিস্থিতি নজরে রাখতে ১,১৫০টি সিসিটিভি ক্যামেরা, ২০টি ড্রোন, ৫০টি দমকল ইঞ্জিন ও ২,৪০০ সিভিল ডিফেন্স কর্মী থাকবেন বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত,প্রতিবছর সাগর মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। তার মধ্যে অবাঙালি পূণ্যার্থীদের সংখ্যা বেশিই থাকে। তবে ২০২২ সাল পর্যন্ত অতিমারির কারণে বিধিনিষেধ থাকায় সাগর মেলায় তেমন ভক্ত সমাগম হয়নি। চলতি বছরে বা আগামী বছরে আর করোনাবিধি না থাকায় সেই সংখ্যার অনেকটাই বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এবারে সাগর মেলায় বিগত দুই বছরের মতনই করোনা প্রতিরোধের যথাযথ বন্দোবস্ত করা হবে। করোনা সংক্রমণের আশঙ্কাও যাতে পুরোপুরি রোধ করা যায়, সে দিকে লক্ষ্য রেখে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার, নার্স ও প্যারামেডিকেল সংস্থান রাখা হবে। মেলায় ৩০০ বেড, ক্রিটিকল গ্রিন করিডোর, ১০০টি অ্যাম্বুল্যান্স ও এয়ার অ্যাম্বুল্যান্স থাকবে।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ