Home » ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইটওয়াশ ভারত

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইটওয়াশ ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জানুয়ারি: ঘরের মাটিতে অস্টেলিয়ার বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হল ভারত। এক দিনের সিরিজে ০-৩ ব্যবধানে হারলেন হরমনপ্রীত কউররা। তিন ম্যাচের সিরিজে প্রথম দুটিতে আগেই হেরে গিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচেও লজ্জাজনক হার ভারতের মেয়েদের। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৩৮ রান তোলে অজি মেয়েরা। জবাবে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ৩২.৪ ওভারে ১৪৮ রানে। ১৯০ রানে জয় নিশ্চিত করেন অ্যালিসা হিলিরা।

আরও পড়ুন  নিয়োগ দুর্নীতি মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার রিপোর্ট হাইকোর্টে পেশ ইডির

ওয়াংখেড়ের ২২ গজে টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলেন ব্যাগি গ্রিনের প্রমিলা ব্রিগেড। ওপেনিংয়ে ১৮৯ রান স্কোরবোর্ডে যুক্ত করেন ফোবে লিচফিল্ড ও অ্যাশলে হিলি জুটি। এক দিনের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এটাই সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। দুরন্ত শতরান করেন অস্ট্রেলিয়ার ওপেনার ফোবে লিচফিল্ড। ১২৫ বলে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। ১৬টি চার এবং ১টি ছয় মারেন তিনি। অন্যদিকে অ্যাশলে হিলি করলেন ৮৫ বলে ৮২ রান। তাঁর ব্যাট থেকে এসেছে ৪টি চার এবং ৩টি ছক্কা। এই দুই ব্যাটারের সৌজন্যে ভারতের সামনে বড় রানের লক্ষ্য রাখে অস্ট্রেলিয়া। ভারতীয় দলের কোনও বোলারই বিশেষ সুবিধা করতে পারেননি। রেণুকা সিং, পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মাদের অনায়াসে সামলিয়েছেন লিচফিল্ড এবং হিলি। ভারতের মধ্যে সফলতম বোলার শ্রেয়াঙ্কা পাটিল। ৫৭ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন তিনি। ৭০ রান দিয়ে ২ উইকেট নেন আমনজ্যোৎ কউর।

 

রান তাড়া করতে নেমে ধস নামে ভারতীয় দলের ইনিংসে। ক্রমাগত উইকেট হারাতে থাকেন হরমনপ্রীতরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন স্মৃতি মান্ধানা। ২৯ বলে ২৯ রান করেন ভারতের সহ-অধিনায়ক। ইনিংসে ৫টি চার মারেন মন্ধানা। এ ছাড়া ভারতের হয়ে রান পেয়েছেন জেমাইমা রডরিগেজ। ২৭ বলে ২৫ রান করেন তিনি। বাংলার মেয়ে রিচা ঘোষ করেন ১৯ রান। পূজা বস্ত্রকার করেন ১৪ রান। পিচে টিকে থেকে লড়াই করছিলেন দীপ্তি শর্মা। ৩৯ বলে ২৫ রানে অপরাজিত থাকেন তিনি। তবে তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ভারতের নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছনোর পক্ষে যথেষ্ট ছিল না। ৩২.৪ বলে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এই ম্যাচে ব্যর্থ হন ভারত অধিনায়ক হরমনপ্রীত। মাত্র ৩ রান আসে তাঁর ব্যাট থেকে। সফরকারীদের পক্ষে এই ম্যাচের সফলতম বোলার জর্জিয়া ওয়্যারহ্যাম। ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। মেগান শাট, অ্যালানা কিং এবং অ্যানাবেল সাদারল্যান্ড পেয়েছেন ২ টি করে উইকেট।

About Post Author