Home » LA LIGA: জয় পেয়ে লা লিগার শীর্ষে রিয়াল, অ্যাটলেতিকোকে হারিয়ে ঘারে নিঃশ্বাস খিরোনার

LA LIGA: জয় পেয়ে লা লিগার শীর্ষে রিয়াল, অ্যাটলেতিকোকে হারিয়ে ঘারে নিঃশ্বাস খিরোনার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ জানুয়ারি: জয় পেয়ে নতুন বছর শুরু করল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। লা লিগায় বুধবার মায়োরকাকে (Mallorca) হারাল কার্লো আন্সেলোত্তির ছেলেরা। ঘরের মাঠ স্যান্টিয়াগো বের্নাবেউতে ১-০ গোলে জয় পেয়েছেন তারা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গেল লস ব্লাঙ্কোরা। অন্যদিকে খিরোনার (Girona FC) বিরুদ্ধে ৩-৪ গোলে হেরে গেল অ্যাটলেতিকো দে মাদ্রিদ (Atletico De Madrid)। আলভারো মোরাতার দুরন্ত হ্যাটট্রিক সত্ত্বেও হারতে হল দিয়েগো সিমিওনের দলকে।

মায়োরকার বিরুদ্ধে শুরু থেকেই খেলার রাশ ছিল রিয়ালের দখলে। ২১ মিনিটে গোলের সুযোগ পায় তারা। লুকা মদ্রিচের অনবদ্য পাস থেকে শট নেন ভিনিসিয়াস জুনিয়র। তবে সেই শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৭ মিনিটে ফের বিপক্ষের গোল লক্ষ্য করে শট মারেন ভিনি। তবে ব্রাজিলীয় তারকার শট অনবদ্য দক্ষতায় বাঁচিয়ে দেন বিপক্ষের গোলরক্ষক প্রেদ্রাগ রাইকোভিচ। রিয়ালের হয়ে প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট করেন রদ্রিগোও। ফলে বিরতিতে যাওয়ার সময় খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সফরকারীরা। আলমেদিয়া কোস্তার নেওয়া প্রায় ২৫ গজ দূর থেকে শট রিয়ালের পোস্টে লাগে। ৬৯ মিনিটে শরীর ছুড়ে দলের নিশ্চিত পতন বাঁচান মায়োরকার গোলরক্ষক। ব্রাহিম দিয়াজ়ের একটি হেড পোস্টে লাগে। একের পর এক আক্রমণ তুলে আনলেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। অবশেষে ৭৮ মিনিটে রিয়াল সমর্থকদের প্রতীক্ষার অবসান হয়। মদ্রিচের নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন আন্তোনিয়ো রুডিগার। ২০২২ সালে চেলসি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর লা লিগায় দ্বিতীয় গোলের দেখা পেলেন জার্মান তারকা। গোল হজম করে আর সমতা ফেরাতে পারেনি মায়োরকা। জয় পেয়ে ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লা লিগা টেবলের শীর্ষ স্থানে রইল রিয়াল।

আরও পড়ুন: দু দিনে খেল খতম, সিরিজে সমতা,একাধিক রেকর্ডের টেস্ট কেপটাউন

অন্যদিকে বুধবার রাতে লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় খিরোনা বনাম অ্যাটলেতিকো। নিজেদের ঘরের মাঠে খেলা শুরু হওয়ার দু’মিনিটের মধ্যেই এগিয়ে যায় খিরোনা। গোল করেন ভালেরি ফার্নান্দেস। যদিও গোলের উচ্ছ্বাস দীর্ধস্থায়ী হয়নি। ১৪ মিনিটে মোরাতার গোলে ম্যাচে সমতা ফেরায় অ্যাটলেটিকো। ফের ২৬ মিনিটে এগিয়ে যায় খিরোনা। তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন স্যাভিও অলিভিয়েরা। ৩৯ মিনিটে খিরোনাকে আবার এগিয়ে দেন ডেলি ব্লিন্ড। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে একটি গোলের ব্যবধান কমান মোরাতা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের মরিয়া চেষ্টা করেন স্বাগতিকরা। ৫৪ মিনিটে তাদের হয়ে সমতা ফেরান সেই মোরাতা। সেই সঙ্গে হ্যাটট্রিকও সম্পূর্ণ করলেন স্পেনীয় তারকা। কিন্তু দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ফের এগিয়ে যায় খিরোনা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ইভান মার্টিন।

About Post Author