স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ জানুয়ারি: গত বছর যে তিমিরে ছিল, এই বছরের শুরুতে সেই তিমিরে রয়ে গেল চেলসি। ইপিএল হোক বা লিগ কাপ হেরেই চলেছে লণ্ডনের ক্লাবটি। মঙ্গলবার রাতে লিগ কাপ সেমিফাইনালের প্রথম পর্বের খেলায় ফের হারের মুখ দেখল। অ্যাওয়ে ম্যাচে খাতায় কলমে পিছিয়ে থাকা মিডলসবরোর বিরুদ্ধে ০-১ গোলে হারল মরিসিও পচেত্তিনোর ছেলেরা।আয়োজক দলের হয়ে একমাত্র গোলটি করেন হেডেন হ্যাকনি।লিগ কাপের ফাইনালে পৌঁছতে হলে দ্বিতীয় পর্বের খেলায় জিততেই হবে অল ব্লু’জ ব্রিগেডকে।

গত মরসুমে কোচ হিসেবে ইংল্যান্ড ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার মাইকেল ক্যারিককে নিযুক্ত করেছে মিডলসবরো। ইউনাইটেডের তত্ত্বাবধায়ক ম্যানেজার হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই ব্রিটিশ ভদ্রলোকের। ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিসনে এখনও আহামরি কিছু করতে পারেনি মিডলসবরো।। তবে লিগ কাপে বড় সাফল্য পেল তারা। নিজেদের ঘরের মাঠে খাতায় কলমে অনেক এগিয়ে থাকা চেলসিকে হারিয়ে দিল ক্যারিকের ছেলেরা।যদিও রিভারসাইড স্টেডিয়ামে প্রথম থেকে দাপুটে ফুটবল খেলে নীল জার্সিধারীরা। বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও গোল করতে পারেনি মরিসিও ব্রিগেড। কোল পামার, রহিম স্টার্লিং, মাদুয়েকেরা একাধিক বার গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। তবে আসল কাজটি করতে পারেননি। চেলসির গোলের খাতা না খোলার পিছনে তাদের স্ট্রাইকারদের ব্যর্থতা রয়েছে। পাশাপাশি অবদান রয়েছে মিডলসবরোর ডিফেন্ডারদের। তাদের গোল না খাওয়ার নাছোড় মনোভাবের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। খেলা শুরুর প্রথম ২০ মিনিটের মধ্যে জোড়া পরিবর্তন করতে বাধ্য হতে হয় কোচ ক্যারিককে। চোটের কারণে মাঠ ছাড়েন মিডফিল্ডার অ্যালেক্স বাঙ্গুরা এবং স্ট্রাইকার এমানুয়েল লাটে। তা সত্ত্বেও তাদের লড়াইয়ে কোনও খামতি দেখা যায়নি। সেই লড়াইয়ের ফল পায় তারা। ৩৭ মিনিটে খেলার গতির বিপরীতে গিয়েই গোল পেয়ে যায় বোরো। গোল করেন হেডেন হ্যাকনি। প্রথমার্ধের বাকি সময় তো বটেই গোটা দ্বিতীয়ার্ধেও সেই গোল শোধ করতে পারেনি মরিসিও ব্রিগেড। ফলে ০-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।
Defeat in the first leg.#CFC | #CarabaoCup pic.twitter.com/gznA6BYXiC
— Chelsea FC (@ChelseaFC) January 9, 2024
লিগ কাপে নীচের সারিতে থাকা দলগুলির বিরুদ্ধে টানা ১৫টি ম্যাচে জয় পেয়েছিল চেলসি। এই হারে সেই জয়রথ থামল।তবে সেমিফাইনালের রাস্তা এখনও তাদের সামনে খোলা রয়েছে। ম্যাচ শেষে চেলসি কোচ জানিয়েছেন, “আমাদের ভুলেই ওরা প্রথমার্ধে গোল করার সুযোগ পেয়েছে। তারপর যদিও আমরা অনেক লড়াই করেছিলাম কিন্তু গোল করতে পারিনি।” অন্যদিকে জয়ী কোচ ক্যারিক জানিয়েছেন, “দলে একাধিক ফুটবলারের চোট রয়েছে। তা সত্বেও চেলসির মতো শক্তিশালী দলকে হারাতে পেরে আমরা খুশি।”


More Stories
স্বপ্না বর্মনের অবসর
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
ভারতের সর্বকালের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক রাহানের প্রস্থান, অবসর আন্তর্জাতিক ক্রিকেট থেকে