স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ জানুয়ারি: বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সিরিজে জয় দিয়ে শুরু করল ভারতীয় পুরুষ ক্রিকেট দল। বৃহস্পতিবার মোহালিতে আফগানদের বিরুদ্ধে ৬ উইকেটে জয় তুলে নিল রোহিত বাহিনী। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে আফগান শিবির। জবাবে ১৫ বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় ভারত। প্রথমে বল হাতে পরে ব্যাট হাতে দুরন্ত খেলেন ভারতের তরুণ ক্রিকেটার শিবম দুবে।
আরও পড়ুন LEAGUE CUP: লিগ কাপ সেমিফাইনালে দ্বিতীয় ডিভিশনের ক্লাবের বিরুদ্ধে হার চেলসির
চলতি বছরের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ঘরের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ প্রস্তুতি সিরিজ খেলছে ভারতের পুরুষ ক্রিকেট দল। বিশ্বকাপ বা এশিয়া কাপে দুই দল মুখোমুখি হলেও, এটাই সাদা বলের ক্রিকেটে দুই দলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা জয় দিয়ে করলেন রোহিত শর্মারা। বৃহস্পতিবার টসে জিতে প্রথমে আগফগানদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক। শুরু থেকে উইকেট না ফেলতে পারলেও সফরকারী দলের দুই ওপেনারকে চাপে রেখেছিলেন ভারতীয় বোলারেরা। প্রথম উইকেটে ৫০ রানের জুটি গড়তে ৪৮ বল খরচ করেন গুরবাজ ও ইব্রাহিম। অষ্টম ওভারে গুরবাজকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম ধাক্কা দেন অক্ষর প্যাটেল। গুরবাজ ফেরেন ২৩ রানে। পরের ওভারেই ইব্রাহিম জার্দানকে ফেরান শিবম দুবে। তিনি করেন ২৫ রান। তিন নম্বরে নেমে ২৯ রান করেন আজমাতুল্লাহ ওমরজাই। তার উইকেট নেন বাংলার মুকেশ কুমার। এই ম্যাচে রান পাননি রহমত শাহ। মাত্র ৩ রান করে ফেরেন তিনি।

মিডল অর্ডারে নেমে দলকে টানেন অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ নবি। ২৭ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন কলকাতা নাইট রাইডার্সের নতুন সদস্য। তাকে যোগ্য সঙ্গ দেন নাজিবুল্লাহ জার্দান। তিনি ১১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে ৫ বলে ৯ রান করেন করিম জানাট। আফগানদের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ১৫৮ রানে। ভারতের হয়ে দুটো করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল। ১ টি উইকেট যায় শিবমের ঝুলিতে। বল হাতে এই ম্যাচে নজর কাড়লেন শিবম। রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় ভারত। শুভমনের সঙ্গে ভুল বোঝাপড়ায় রানের খাতা না খুলেই রান আউট হন রোহিত শর্মা। রোহিত ফিরতে চালিয়ে খেলতে থাকেন শুভমন। ১২ বলে ২৩ রান করে আউট হন তিনি। তিন নম্বরে নেমে ২৬ রান করেন তিলক বর্মা। তিলক ফিরতে দলের হাল ধরেন জীতেশ শর্মা-শিবম দুবে জুটি। ২০ বলে ৩১ রান করে ফেরেন জীতেশ। ওটাই আফগান বোলারদের শেষ উইকেট। এরপর রিঙ্কু সিংকে নিয়ে জয়ের রান তুলে নেন শিবম দুবে। ৪ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে ৪০ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন শিবম। রিঙ্কু অপরাজিত থাকেন ৯ বলে ১৬ রানে। প্রথম ম্যাচে জয়ের পাশাপাশি ভারতীয় দলের প্রাপ্তি তরুণ ক্রিকেটারদের ফর্ম। রবিবার ইন্ডোরে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার আগে যা স্বস্তি দিচ্ছে ভারতীয় শিবিরকে। সেই ম্যাচে আবার দলে ফিরছেন বিরাট কোহলি।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান