সময় কলকাতা, তনুজ জৈন, ১২ জানুয়ারিঃ পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে গ্রামবাসীরা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের লতাসি এলাকায়। পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে বিডিও এবং ঠিকাদারের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশচন্দ্রপুর থানা এলাকা জুড়ে। যদিও রাস্তা নির্মাণের দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে কন্ট্রাক্টর। ইতিমধ্যেই গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস পাল।
আরও পড়ুন রাজ্যে ক্রমশ কমছে তাপমাত্রার পারদ, বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার লতাসি গ্রামের ১১০০ মিটার রাস্তা মোট ৩৮ লক্ষ টাকা ব্যয় করে ২০২৩ সালে নির্মাণ করা হয়। এরপরই অভিযোগ ওঠে যে, ওই কাজে যুক্ত ঠিকাদার মহম্মদ ইব্রাহিম সিডিউল না মেনে এই ঢালাই রাস্তা নির্মাণ করেছে। আর রাস্তা নির্মাণের চার মাস কাটতে না কাটতেই এরই মধ্যে ওই ঢালাই রাস্তার বিভিন্ন জায়গায় ভেঙে যাচ্ছে। এই নিয়ে সংশ্লিষ্ট ব্লকের বিডিওকে একাধিকবার অভিযোগ জানানো হলেও মেলেনি কোনও সুরাহা। কেননা আশ্বাস মিললেও কোন কাজ হয়নি বলেই অভিযোগ। তারই প্রতিবাদে এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। অবিলম্বে রাস্তা মেরামত না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন।

যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার মহম্মদ ইব্রাহিম। তার দাবি, ‘এলাকার কিছু লোক তার কাছে দাদাগিরির ট্যাক্স হিসেবে লক্ষাধিক টাকা দাবি করেছিল। কিন্তু তিনি তা দিতে রাজি না হওয়াতেই এই বিক্ষোভ শুরু করেছে তারা। কিন্তু রাস্তা নির্মাণের কাজ সিডিউল মেনেই করা হয়েছে।’ আর গোটা ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস পাল বলেন, ‘গ্রামবাসীদের সঙ্গে কথা হয়েছে। তাদের অভিযোগ একদমই মিথ্যা নয়। ওই রাস্তা নির্মাণের সময় গুণগত মান ঠিক রেখে কাজ হয়েছিল কিনা, ইতিমধ্যেই তা খতিয়ে দেখা হচ্ছে। গুণগত মান ঠিক না থাকলে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ