Home » স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ‘এল ক্লাসিকো’

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ‘এল ক্লাসিকো’

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ জানুয়ারি: অ্যাটলেতিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আগেই নিজেদের জায়গা পাকা করেছিল রিয়াল মাদ্রিদ। এবার সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা। বৃহস্পতিবার প্রতিযোগিতার সেমিফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। জাভি হার্নান্ডেজের দলের হয়ে গোল দুটি করেন রবার্ট লেভানডস্কি ও লামিনে ইয়ামাল। আগামী ১৪ জানুয়ারি প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।


সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুরু থেকে দাপুটে ফুটবল খেলে কাতালানরা। বার্সার একের পর এক আক্রমণের ঝড় আছড়ে পড়েছিল ওসাসুনার বক্সে। খেলা শুরু হওয়ার ৮ মিনিটের মধ্যে এগিয়ে যেতে পারত তারা। গোলের সুযোগ তৈরী করেও কাজে লাগাতে পারেনি। ২৮ মিনিটে বার্সার হয়ে গোলের সুযোগ নষ্ট করেন সের্গি রবার্তো। জুল কুন্দের বাড়ানো ক্রস লক্ষ্যে রাখতে পারেননি তিনি। প্রথমার্ধে ওসাসুনাকে গোলের মালা পরিয়ে দিতে পারত জাভি ব্রিগেড। সেখানে ফিনিশিং করতে পারার লোকের অভাবে স্কোরবোর্ড গোলশূন্য রেখেই বিরতিতে যায় দুই দল।

আরও পড়ুন    খালি করেননি সরকারি বাংলো, মহুয়া মৈত্রকে পুনরায় নোটিস কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে বার্সেলোনা। তাতে ফলও মেলে। ৫৯ মিনিটে ইকে গুন্ডগানের পাস থেকে বল পেয়ে যান অরক্ষিত থাকা রবার্ট লেভানডস্কি। ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন মিডফিল্ডারের থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়েন পোলিস স্ট্রাইকার। ওসাসুনার তিন ফুটবলারকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে দেন জালে। এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল বার্সার কাছে। তবে ওসাসুনার জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। প্রতি আক্রমণে কয়েকবার বার্সার রক্ষণেও কাঁপুনি ধরিয়ে দিয়েছিল ওসাসুনা। তবে শেষ পর্যন্ত কাতালান গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন লামিনে ইয়ামাল।ফলে ২-০ গোলের ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে কাতালানরা।

About Post Author