সময় কলকাতা ডেস্ক, ১২ জানুয়ারিঃ ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় ইতিমধ্যেই খারিজ হয়েছে মহুয়া মৈত্রর সাংসদ পদ। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এরপর সাংসদ কোটায় বাংলো ছাড়ার জন্য গত ৮ জানুয়ারি তৃণমূল নেত্রীকে শোকজ নোটিস পাঠিয়েছিল ডিরেক্টরেট অফ এস্টেটস। কেননা মহুয়া মৈত্রর সাংসদ কোটায় বাংলো ছাড়ার শেষ দিন ছিল চলতি বছরের ৭ জানুয়ারি। এ বিষয়ে জবাব দেওয়ার জন্য মহুয়াকে ৩ দিন অর্থাৎ ১১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। বাংলো ছাড়ারও চরম সময়সীমা এদিন দেওয়া হয়েছিল। কিন্তু, সারাদিন অতিক্রান্ত হয়ে গেলেও বাংলো খালি করেননি মহুয়া। তার প্রেক্ষিতেই এদিন সন্ধ্যায় মহুয়া মৈত্রকে পুনরায় নোটিস পাঠাল কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক। জানা গিয়েছে, আগামী ১৬ জানুয়ারির মধ্যে বাংলো না ছাড়লে আইন অনুযায়ী যথোপযুক্ত পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন রাজ্যে ক্রমশ কমছে তাপমাত্রার পারদ, বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট
উল্লেখ্য, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগকে কেন্দ্র করে গত ৮ ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলাকালীন এথিক্স কমিটির রিপোর্টে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছিল। এরপরই সাংসদের বাংলো খালি করার জন্য মহুয়াকে নির্দেশ পাঠাতে বলেছিল সংসদের আবাসন কমিটি। সেইমত কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেছিলেন মহুয়া। ইতিমধ্যেই সেই মামলাই প্রত্যাহার করে নিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের এজলাসে দায়ের হয়েছিল সেই মামলা। দিল্লি হাইকোর্টে মহুয়ার আইনজীবী জানিয়েছিলেন, সাংসদ বাংলো খালি নিয়ে কেন্দ্রীয় সরকারে ডিরেক্টরেট অব এস্টেট-এ আবেদন করবেন মহুয়া।
প্রসঙ্গত, শিল্পপতি দর্শন হিরানন্দনীর থেকে উপহার এবং অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের এই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে সংসদের এথিক্স কমিটি। চলতি সপ্তাহেই নিশিকান্ত এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর চিঠি পোস্ট করে মহুয়ার বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছিলেন। তার জবাবে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মহুয়া। সেই পোস্টে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লিখেছেন, ‘তাঁর বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর পাঠানো চিঠি জাল ডিগ্রিধারীর কাছে আছে শুনে খুশি হয়েছেন তিনি। অপেক্ষা করছেন স্বরাষ্ট্র মন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক কবে বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের ঘরে ফর্জি দুবের অবৈধ অনুপ্রবেশের তদন্ত করবে।’ যদিও নিশিকান্ত দুবের অভিযোগ ছিল, মহুয়া যখন ভারতে, তখন দুবাই থেকে তাঁর সংসদীয় আইডিতে লগইন করা হয়েছিল হিরানন্দনির তরফে। এতে বিঘ্নিত হয়েছে গোটা দেশের নিরাপত্তা। এ বিষয়ে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার-কে সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে হবে বলে দাবি জানিয়েছিলেন তিনি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর