Home » PADMA AWARD: এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্রীড়াবিদরা পেলেন এ বারের পদ্ম পুরস্কার

PADMA AWARD: এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্রীড়াবিদরা পেলেন এ বারের পদ্ম পুরস্কার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এবছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয়- পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। সারা বছর বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিত্বদের এই পুরস্কার প্রদান করা হবে। সেই তালিকায় নাম রয়েছে দেশের ৭জন কৃতী ক্রীড়াবিদের। পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন তাঁরা। এক ঝলকে দেখে নেওয়া যাক কারা রয়েছেন সেই তালিকায়…

হরবিন্দর সিং:

দেশের কিংবদন্তী হকি খেলোয়াড় ও কোচদের মধ্যে অন্যতম হরবিন্দর সিং। ৮০ বছর বয়সী দেশের প্রাক্তন হকি প্লেয়ার এবং কোচ এ বছর পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার।

সত্যেন্দ্র সিং লোহিয়া:

দেশের কৃতী সাঁতারুদের মধ্যে অন্যতম নাম সত্যেন্দ্র সিং লোহিয়া। শারীরিক প্রতিবন্ধকতাতে জয় করে দেশের নাম তিনি উজ্জ্বল করেছেন। ২০১৮ সালে অতিক্রম করেছিলেন ইংলিশ চ্যানেল। প্যারা সাঁতারু সত্যেন্দ্র রয়েছেন পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায়।

গৌরব খান্না :

গত প্যারা এশিয়ান গেমসে নজরকাড়া সাফল্য পেয়েছিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। ব্যাডমিন্টনেও দেশের হয়ে একাধিক পদক এনেছিলেন প্রমোদ ভগদরা। সেই প্রমোদ ভগত, রোহিত ভাকের, সুকান্ত কদমদের কোচ গৌরব খান্নাও এ বছর পেতে চলেছেন পদ্ম পুরস্কার।

আরও পড়ুন: U-19 CWC: আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে ‘ছোট’ কোহলিরা

জোৎস্না চিনাপ্পা :

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবলসে এবং ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। গত হানঝাউ এশিয়ান গেমসে স্কোয়াশে ব্রোঞ্জ পেয়েছেন জোৎস্না চিনাপ্পা। ভারতের অভিজ্ঞ স্কোয়াশ খেলোয়াড় জোৎস্নাও এ বার পাবেন পদ্মশ্রী পুরস্কার।

পূর্ণিমা মাহাতো:

তিনি প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন। খেলা থেকে অবসরের পর কোচিংয়ে ফেরেন। দীর্ঘ সময় ভারতীয় জাতীয় তীরন্দাজি দলকে প্রশিক্ষণ দিয়েছেন পূর্ণিমা মাহাতো। অতীতে দ্রোণাচার্য পুরস্কারও পেয়েছিলেন। এ বার পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন পূর্ণিমা।

উদয় বিশ্বনাথ দেশপান্ডে:

পদ্মশ্রী প্রাপকদের তালিকায় এবার নাম রয়েছে  অভিজ্ঞ মল্লখম্ব কোচ উদয় বিশ্বনাথ দেশপান্ডের। মহারাষ্ট্রের হাজার হাজার যুবককে এই খেলায় শিক্ষিত করেছেন।  ভারতীয় সংস্কৃতির এই পুরনো খেলাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করে তুলতে এবং আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য দেশপাণ্ডেকে সম্মানিত করেছে কেন্দ্রীয় সরকার।

রোহন বোপান্না :

চলতি অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে দুরন্ত খেলছেন রোহন বোপান্না। ইতিমধ্যে প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে নজির স্থাপন করেছেন। সম্প্রতি বিশ্বের এক নম্বর ডাবলস টেনিস তারকা হয়েছেন রোহন বোপান্না। এ বার তিনি পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন।

About Post Author