চুমকী সূত্রধর,সময় কলকাতা,২৮ জানুয়ারি :বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন নীতীশ কুমার। জেডিইউ-এর পরিষদীয় দলের সঙ্গে বৈঠকের পরই ইস্তফার সিদ্ধান্ত জেডিইউ সুপ্রিমোর। বিকেলেই আবার শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী হিসেবে। ইস্তফা নীতীশ কুমারের আর আবার শপথ গ্রহণের তোড়জোড় আর তাকে ঘিরেই চর্চা অব্যাহত।
বিহারের নীতীশ রাজনীতি ঘিরে তোলপাড় দেশ যদিও তা নিয়ে অবাক হচ্ছে না দেশের রাজনৈতিক মহল।বিহারের রাজনীতিতে তিনি পল্টুরাম নামেই পরিচিত। ডিগবাজি খেতে নীতীশ কুমারের যে জুড়ি মেলা ভার, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এর আগে তিনি চারবার এনডিএ-তে ঢুকেছেন এবং বেরিয়েছেন। ফের একবার পাল্টি খেলেন। রবিবার বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। এদিন সকালে তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকরের হাতে ইস্তফাপত্র তুলে দেন। ইস্তফা দেওয়ার পরই রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, “সবকিছু ঠিক যাচ্ছিল না, তাই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলাম।”
গত কয়েকদিন ধরেই বিহারের রাজনীতিতে ডামাডোল চলছে। কানাঘুষো শোনা যাচ্ছিল, ২০২২ সালে যে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং আরজেডি-কংগ্রেস সহ ১৯টি দলের সঙ্গে মহাগঠবন্ধন জোট তৈরি করেছিলেন, দেড় বছর কাটতে না কাটতেই আবার সেই জোট ভেঙে এনডিএ-তে ফিরে যাবেন। লালু-রাহুলের হাত ছেড়ে আবার মোদি-শাহের হাত ধরবেন বিহারের মুখ্যমন্ত্রী। রবিবার সকালে সেই জল্পনাই সত্যি হল। প্রথমে পাটনায় নিজের বাড়িতে দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন নীতীশ কুমার। তার পরই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। রওনা দেন রাজভবনের উদ্দেশ্যে। রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন। ইস্তফা দেওয়ার পর এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, “আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। এই সরকার ভেঙে দেওয়ার জন্যও আবেদন জানিয়েছি রাজ্যপালকে। পুরনো গঠবন্ধন ভেঙে নয়া জোটে যাব। বিগত দেড় বছর ধরে যে জোট ছিল, তা আমার সঠিক বলে মনে হয়নি। সেই কারণেই এই সিদ্ধান্ত নিলাম।”
ইস্তফা নীতীশ কুমারের এবং অতঃপর শপথ – এই নিয়ে নবমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ। জোট বদলেও রেকর্ড গড়েছেন বিহারের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২০১৩ সাল থেকে ২০২৪ সালের মধ্যে মোট ৫ বার শিবির বদল করলেন তিনি। নীতীশ কুমারের এই চালে কার্যত কোনঠাসা ইন্ডিয়া জোট। পালটা লোকসভা ভোটের আগে চাঙ্গা গেরুয়া শিবির।।
আরও পড়ুন ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে অশান্তির জের, এফআইআরের পর এবার মামলার তদন্তভার গেল সিআইডি-র হাতে


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?