স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ জানুয়ারি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতীয় ক্রিকেট দলে ডাক পেলেন সরফরাজ খান। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে সম্ভবত ভারতীয় দলে অভিষেক হতে চলেছে মুম্বইয়ের এই ক্রিকেটারের। গত কয়েকটি মরশুমে প্রথম শ্রেণির ক্রিকেটে একের পর এক বড় রানের ইনিংস খেলেছেন সরফরাজ। তবু তাকে জাতীয় দলে রাখার প্রয়োজন অনুভব করেননি জাতীয় নির্বাচকরা। তাঁর পক্ষে একাধিকবার সওয়াল করেছেন প্রাক্তনরা। সুযোগ না মেলায় একাধিকবার ক্ষোভ প্রকাশও করতেও দেখা গিয়েছে সরফরাজকে। অবশেষে সোমবার জাতীয় দলে ডাক পেলেন ২৬ বছরের প্রতিভাবান ব্যাটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছে ভারতকে। প্রায় অর্ধশক্তির দল নিয়ে ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতে নিয়েছেন বেন স্টোকসরা। যদিও ভারতও পূর্ণ শক্তির দল মাঠে নামাতে পারেনি। ব্যক্তিগত কারণের জন্য প্রথম দু’টি টেস্ট খেলছেন না বিরাট কোহলি। দলের টপ ও মিডল অর্ডারে তার অভাব দেখা গিয়েছে। দলের তরুণ ব্রিগেড রান করে সেই অভাব পূরণ করতে পারেনি। তার উপর দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাডেজা। তাদের জায়গায় অভিজ্ঞ অজিঙ্ক রাহানে বা চেতেশ্বর পুজারার থেকে তরুণ সরফরাজেই আস্থা দেখালেন অজিত আগরকরেরা। জাতীয় দলে সুযোগ পাওয়ার খবরে উচ্ছ্বসিত সরফরাজ ও তাঁর পরিবার। সমাজমাধ্যমে বাবার সঙ্গে খুশির মুহূর্তের একটি ছবি সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুম্বইয়ের ব্যাটার। সঙ্গে জুড়ে দিয়েছেন শাহরুখ খান অভিনীত ‘চক্ দে ইন্ডিয়া’ সিনেমার একটি জনপ্রিয় গানও। ভারতীয় ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত তাঁর বড় ছেলের উপর ভরসা রাখায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সরফরাজের বাবাও।

আরও পড়ুন: IRFAN PATHAN: বর্ধমানে গিয়ে দেশের উদীয়মান অলরাউন্ডারদের বিশেষ বার্তা ইরফানের
মাত্র ১২ বছর বয়সে ক্রিকেটে পা রাখেন সরফরাজ। খুব কম বয়সে সকলের নজর কেড়েছিলেন হ্যারিস শিল্ডে একটি ম্যাচে ৪৩৯ রানের ইনিংস খেলে। রঞ্জি ট্রফিতেও গত কয়েকটি মরশুম ধরে ধারাবাহিক রানের মধ্যে রয়েছেন। ২০২০ মরশুমে ৬টি ম্যাচে করেছিলেন ৯২৮ রান। একটি ত্রিশতরানও ছিল তাঁর। ২০২২-২৩ মরসুমে সরফরাজ ৬টি ম্যাচে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেছেন। গত মরশুমে তাঁর ব্যাট থেকে এসেছে ১২২.৭৫ গড়ে ৯৮২ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রানের গড় ৬৯.৬। চলতি মরশুমেও রানের মধ্যে রয়েছেন। কয়েকদিন আগেই তার ব্যাট থেকে এসেছে শতরান। তবু জাতীয় দলের দরজা খোলার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হল তাকে। সব কিছু ঠিক থাকলে বিশাখাপত্তনমে আন্তর্জাতিক সফর শুরু হতে চলেছে সরফরাজের।


More Stories
নিউজিল্যান্ডে ভরাডুবি ভারতের
বিধ্বংসী ম্যাট হেনরির রেকর্ড: বিরাট,রোহিত,শ্রেয়স প্রথম ওভারে খরচের খাতায়
ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান