Home » AFCON2023: আফ্রিকান নেশনস কাপে অঘটন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিদায় মরোক্কোর

AFCON2023: আফ্রিকান নেশনস কাপে অঘটন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিদায় মরোক্কোর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ জানুয়ারি: আফ্রিকার ফুটবলে সেরা হওয়ার লড়াই জমে উঠেছে। আফ্রিকান নেশনস কাপ থেকে ইতিমধ্যে ঘটে গিয়েছে নানা অঘটন। প্রতিযোগিতা থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে মোহাম্মদ সালাহর দেশ মিশর ও সাদিও মানের দেশ সেনেগাল। সেই তালিকায় এবার যোগ হল মরোক্কোর নাম। মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-২ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন হাকিমিরা।

একবছর আগের কথা। কাতার বিশ্বকাপে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার ছাড়পত্র আদায় করে নেয় দেশটি। চলতি আফ্রিকান নেশনস কাপে স্বভাবতই ফুটবল বিশ্বের চোখ ছিল ক্যাসাব্ল্যাঙ্কার এই দেশের দিকে। তবে এবারের মত তাদের নিরাশ হতে হচ্ছে। আইভরি কোস্টের সান পেদ্রোর লরেট পোকো স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিদায় নিতে হচ্ছে মরক্কোকে।

টানটান ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচের ৫৭ মিনিটে মরক্কোকে প্রথম ধাক্কা দেয় রামধনুর দেশ। গোল করে দলকে এগিয়ে দেন এভিডেন্স মাকগোপা। তবে ৮৩ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় মরোক্কো। ডি-বক্সের ভেতরে আফ্রিকার ফুটবলার মাথবি এমবালার হ্যান্ডবল করেন। মরক্কোকে পেনাল্টি দেন রেফারি। তবে স্পট কিক থেকে বল জালে জড়াতে পারেননি মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। তার নেওয়া শট ক্রসবারে প্রতিহত হয়ে ফিরে আসে। তবু খেলায় ফেরার মরিয়া চেস্টা চালাতে থাকেন তারা। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে লালকার্ড দেখে মাঠ ছাড়েন মরোক্কোর সোফিয়ান আমরাবাত। বাকি সময় ১০ জনে খেলতে হয় লাল জার্সিধারীদের। সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যবধান বাড়িয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন তবেহো মোকোহিনা।

আরও পড়ুন: PREMIER LEAGUE: নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে জয়, লিগ তালিকার দু’ নম্বরে উঠে এল আর্সেনাল

ম্যাচের পর মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই কার্যত আক্ষেপের সুরে বলেন, ‘আমরা প্রথমার্ধেই খেলার নিষ্পত্তি করতে পারতাম। তবে এই পর্যায়ের প্রতিযোগিতায় সুযোগ নষ্টে খেসারত দিতে হয়। পেনাল্টির সুযোগ নষ্ট আমাদের অনেক ক্ষতি করেছে। আমাদের যা কিছু করার দরকার ছিল, আমরা সেগুলো করতে পারিনি। আমিই এর সম্পূর্ণ দায় নিচ্ছি।’

About Post Author