স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ ফেব্রুয়ারি: মরশুম শেষ হলেই লিভারপুলের কোচের দায়িত্ব ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ। ন’বছর দায়িত্ব সামলানোর পর ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন এই জার্মান কোচ। কয়েকদিন আগে নিজেই সেই কথা জানিয়েছেন তিনি। লিভারপুলে ক্লপ জমানার শেষ মরশুমটিকে স্মরণীয় করে রাখতে যথাসাধ্য চেষ্টাই করছেন ডারউইন নুনেজ, ভ্যান ডাইকরা। গত ম্যাচে নরউইচকে চূর্ণ করার পর, এবার চেলসিকেও বড় ব্যবধানে হারাল। অ্যানফিল্ডে চেলসিকে ৪-১ গোলের ব্যবধানে হারাল অল রেডরা। শুধু বড় ব্যবধানে জয় নয়, এদিন দুরন্ত ফুটবল উপহার দিলেন ক্লপের ছেলেরা।

চেলসির বিরুদ্ধে শুরু থেকে দাপুটে ফুটবল খেলে লিভারপুল। যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে তারা পায়নি মিশরের তারকা ফুটবলার মহম্মদ সালাহকে। যদিও তাতে জয় পেতে অসুবিধে হয়নি। তবে এদিন আরও বড় ব্যবধানে জিততে পারত ক্লপ বাহিনী। চেলসির গোলপোস্টে একাই চারবার বল মারলেন ডারউইন নুনেজ। তবে চারবার বল পোস্টে মারলেও ইতিহাস গড়েছেন উরুগুয়ের ফরওয়ার্ড। অপটা ফুটবলের পরিসংখ্যান সংরক্ষণ অনুসারে ২০০৩ সালের পর প্রথম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে এক ম্যাচে চারবার বল গোলপোস্টে মারলেন তিনি।
আরও পড়ুন: AFCON2023: আফ্রিকান নেশনস কাপে অঘটন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিদায় মরোক্কোর
বুধবার ঘরের মাঠে প্রথম গোলের জন্য লিভারপুলকে অপেক্ষা করতে হয় ২৩ মিনিট পর্যন্ত। প্রথম গোলটি আসে দিয়েগো জোটার পা থেকে। কনোর ব্রাডলির বাড়ানো পাস থেকে গোল করেন পর্তুগিজ তারকা। খেলার ৩৯ মিনিটে নিজেই গোল করলেন ব্রাডলি। উত্তর আয়ারল্যান্ডের ২০ বছরের রাইটব্যাক লিভারপুলের জার্সিতে এই প্রথম গোল করলেন। প্রথমার্ধের সংযুক্তি সময়ে তৃতীয় গোলের সুবর্ণ সুযোগ আসে ক্লপবাহিনীর কাছে। বক্সের মধ্যে দিয়োগো জোতাকে ফাউল করলে পেনাল্টি পায় ম্যাচের আয়োজকরা। তবে পেনাল্টি থেকে বল জালে জড়াতে পারেননি ডারউইন নুনেজ।
A comprehensive win for @LFC ????#LIVCHE pic.twitter.com/nFMfwM79Qw
— Premier League (@premierleague) January 31, 2024
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ ধরে রাখে লিভারপুল। ৬৫ মিনিটে লিভারপুলকে তৃতীয় গোলটি এনে দেন দমিনিক সোবোসলাই। ব্র্যাডলির নিখুঁত ক্রস থেকে গোল করেন তিনি। গোটা ম্যাচে দুরন্ত ফুটবল খেলেন ব্র্যাডলি। ৭১ মিনিটে একটি গোল শোধ করে কিছুটা দলের মুখরক্ষা করার চেষ্টা করেছিলেন ক্রিস্টোফার এনকুঙ্কু। কিন্তু ৭৯ মিনিটে লিভারপুল আবার গোল করায় বড় হার এড়াতে পারেনি চেলসি। স্কাউসারদের হয়ে চতুর্থ গোলটি করেন লুই দিয়াজ।
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মরশুমে অ্যানফিল্ডে অপরাজিত রইল লিভারপুল। পাশাপাশি অ্যানফিল্ডে চেলসিকে হারিয়ে ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান ধরে রাখল তারা। অন্যদিকে ২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দশম স্থানে রইল চেলসি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার