স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ ফেব্রুয়ারি: শীতকালীন দলবদলের রীতিমত চমক ইস্টবেঙ্গলের। জেভিয়ার সিভেরিয়োর বদলে কোস্টারিকার জাতীয় দলে খেলা ফুটবলার ফেলিসিয়ো ব্রাউন ফোবর্সকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। জানা গিয়েছে কোচ কার্লেসে কুয়াদ্রাতের পরামর্শে তাঁকে সই করানো হয়েছে। বাকি মরশুমে তাকে লাল হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে। একদিকে যখন নতুন বিদেশীকে দরাজ শংসাপত্র দিলেন লালহলুদের হেডস্যার, তখন আইএসএলের দ্বিতীয় পর্বে অন্য ইস্টবেঙ্গলকের দেখা যাবে বলে সমর্থকদের আশ্বস্ত করলেন ব্রাউন।

মরশুমের শুরুতে হায়দরাবাদ এফসি থেকে অনেক ঘটা করে সই করানো হয়েছিল জেভিয়ার সিভেরিয়োকে। কিন্তু ক্লাব কর্তা ও সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। ডুরান্ড কাপে গোলের মধ্যে থাকলেও, ইন্ডিয়ান সুপার লিগে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মরশুমের মাঝপথেই তাকে একপ্রকার ছেড়ে দিতে বাধ্য হয় ইস্টবেঙ্গল। তার জায়গায় কোস্টারিকার দীর্ঘদেহী ফরওয়ার্ড ফেলিসিয়ো ব্রাউন ফোবর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে লালহলুদ। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ব্রাউনের সঙ্গে চুক্তির খবরে সিলমোহর দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, কোচ কার্লেস কুয়াদ্রাতের পছন্দেই এই স্ট্রাইকারকে দলে নিয়েছে মশাল শিবির। নতুন ফুটবলারকে নিয়ে স্বভাবতই আশাবাদী লালহলুদের হেডস্যার। তিনি বলেছেন, ‘ফেলিসিয়ো খুব শক্তিশালী একজন স্ট্রাইকার। পাশাপাশি ওর ইউরোপের প্রথম সারির লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। এশিয়ান ফুটবল সম্পর্কেও তার ধারনা খুব পরিস্কার। কারণ ব্রাউন গত দু’মরশুম চিনের সুপার লিগে খেলছে। সেখানে ২০টির বেশী গোলও করেছেন। কয়েক সপ্তাহ আগেই চিনের ফুটবল মরশুম শেষ হয়েছে। তাই ও এখন যখন খুশি চলে আসতে পারে।’ অন্যদিকে নতুন দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গলের নতুন বিদেশীও। তিনি জানিয়েছেন, “ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিতে পেরে গর্বিত। সুপার কাপ জয়ের জন্য গোটা দলকে আমার অভিনন্দন।” পাশাপাশি আইএসএলের দ্বিতীয় পর্বে দলের ভালো খেলার ব্যাপারে সমর্থকদের আশ্বস্ত করেছেন ব্রাউন। ভিসা সমস্যা কাটিয়ে তিনি দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন বলে সূত্রের খবর।

কেইলর নাভাস, পাউলো ওয়েনচপের দেশ কোস্টা রিকার হয়ে জাতীয় দলে খেলেন ব্রাউন। তবে তার জন্ম জার্মানির বার্লিনে। জার্মানি লিগের প্রথম সারির ক্লাব এফসি নুর্নবার্গের হয়ে পেশাদারী ফুটবলে হাতেখড়ি। এই ক্লাবের পাশাপাশি খেলেছেন এফএসভি ফ্রাঙ্কফুট, ক্রিলিয়া সোভেটিভ, রোস্তভ, উফার মত ইউরোপীয় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে ৬ ফুট ২ ইঞ্চির এই ফুটবলারের। জার্মানির অনুর্দ্ধ ১৯ ও ২০ জাতীয় দলে খেলেছেন। তবে ২০১১ সালের পর জার্মানির জাতীয় দলে আর সুযোগ হয়নি। কোস্টারিকার হয়ে খেলার জন্য আবেদন করেন ব্রাউন। ২০১৪ সালে কোস্টারিকার জাতীয় দলে অভিষেক হয় ব্রাউনের। যদিও লাটিন আমেরিকার হয়ে মাত্র ৫ ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন। ২০২২ সাল থেকে ভারতের পড়শি দেশ চিনের ক্লাবে খেলছেন ব্রাউন। গত মরশুমে চিনের সুপার লিগের ক্লাব কিংদাও হাউনিউতে খেলছিলেন। ২১ ম্যাচে ৭ টি গোলও রয়েছে ব্রাউনের। এবার কোচ কার্লেসের পরামর্শে ৩২ বছরের ফরওয়ার্ডকে দলে নিয়ে চমক দিল ইস্টবেঙ্গল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার