Home » চরম উত্তেজনার ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ ড্র

চরম উত্তেজনার ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ ড্র

সময় কলকাতা  ডেস্ক, ৩ ফেব্রুয়ারি : ইন্ডিয়ান সুপার লিগের  ডার্বি ম্যাচ ড্র হয়ে গেল।১৫ দিন আগে সুপার কাপে মোহনবাগানকে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলের কাছে। মোহনবাগান কর্মকর্তারা দাবি করেছিলেন যে,পূর্ণশক্তির দল নামাতে পারে নি মোহনবাগান বলেই সবুজ মেরুন কে ইস্টবেঙ্গলের কাছে  হারতে হয়েছিল। এবার আইএসএলে পূর্ণশক্তির মোহনবাগান অনেক দুর্বল ইস্টবেঙ্গল কে পেয়েও জিততে তো পারলই না, খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে গোল শোধ করে  কোনওরকমে মোহনবাগানের  সম্মান বাঁচালেন পেত্রাতোস ।রুদ্ধশ্বাস ও টানটান উত্তেজনার মধ্যে  আইএসএলে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ ২-২ গোলে ড্র হয়ে গেল। উভয় দল গোলের একাধিক সুযোগ পেয়েও পয়েন্ট ভাগ করে নিল। তবে কার্যত প্রায় সম্পূর্ণ ম্যাচ তিনজন বিদেশি নিয়ে  এবং সৌভিক, খাবরাদের না পেয়েও যেভাবে ইস্টবেঙ্গল ম্যাচ ড্র করল  তাকে এককথায় ইস্টবেঙ্গলের  কোচ কার্লেস কুয়াদ্রাতের জয় বললে অত্যুক্তি হয় না। এই মরশুমে  ইস্টবেঙ্গল মোহনবাগানের চারবারের সাক্ষাৎকারে কুয়াদ্রাত একটি বেশি ম্যাচ জিতে এগিয়ে থাকলেন।

আইএসএলে শনিবার সন্ধ্যের ইলিশ চিংড়ির লড়াই ছিল চড়া মেজাজের। একের পর এক খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। আহত হয়ে মাঠ ছেড়েছেন দু দলেরই দুজন করে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মোহনবাগানের হয়ে  আনোয়ার এবং হ্যামিল আর ইস্টবেঙ্গলের হয়ে সল ক্রেসপো এবং মহেশ নাওরেমকে আহত হয়ে মাঠ ছাড়তে হয়। খেলার তিন মিনিটে  অজয় ছেত্রীর গোলে এগিয়ে যাই ইস্টবেঙ্গল। ১৭ মিনিটে খেলায় সমতা ফেরান সাদিকু। প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মহেশ কে  বক্সে ফেলে দেওয়ায়  পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গল কে আবার এগিয়ে দেন  ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভা। ৮৭ মিনিটে গোল শোধ করেন পেত্রাতোস। খেলা শেষ হওয়ার আগে পর্যন্ত কেউ কাউকে এক ইঞ্চি জমি না ছাড়লেও শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা সম্ভব ছিল না কে জিতবে। এই ম্যাচ ড্র করে গোল পার্থক্যে  চেন্নাইয়ানকে  পিছনে ফেলে  এগারো ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। অন্যদিকে, ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই থেকে গেল মোহনবাগান। মোহনবাগান কোচ হাবাসকে টেক্কা দিয়ে  কুয়াদ্রাত ট্যাকটিকালি এম্যাচের থেকে পয়েন্ট তুলে আনলেও তাঁর লক্ষ্য পূরণ হলনা। ডার্বি ম্যাচ ড্র  হওয়ায় ৮ পয়েন্টের ব্যবধান থেকেই গেল।।

আরও পড়ুন INDIA vs ENGLAND: দুই যশের দাপটে বিশাখাপত্তনম টেস্টে চালকের আসনে ভারত

About Post Author