স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা,৩ ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টর দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। দিনের শুরুতে ব্যাটিংয়ে প্রায় নিজের কাঁধে দলকে টেনেছিলেন যশস্বী জয়সওয়াল। আর দিনের শেষে বল হাতে কামাল করলেন যশপ্রীত বুমরা। এই দুই যশের দাপটে বিশাখাপত্তনমে জয়ের গন্ধ পাচ্ছেন রোহিতরা। প্রথমে ব্যাট করে এদিন ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৯৬ রানে। জবাবে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংরেজদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৮ রান তুলেছে ভারত।

প্রথমদিনে যেখানে থেমেছিলেন, দ্বিতীয় দিনে সেখান থেকে শুরু করেন যশস্বী জয়সওয়াল। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম দ্বিশতরানটি করলেন তিনি। ভারতের তৃতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন রাজস্থান রয়্যালসের ব্যাটার। তার ২০৯ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৩৯৬ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। অনেকটা নির্ধারিত ওভারের ফরম্যাটে রান তুলছিলেন দুজনে। ভারতের বোলাররা তাদের খুব বেশী সমস্যায় ফেলতে পারেননি। তাদের সেই জুটি ভাঙেন কুলদীপ। ২১ রানের মাথায় ফেরান ডাকেটকে। তারপর ক্রলির সঙ্গে জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যান গত ম্যাচের নায়ক অলি পোপ। নিজের প্রথম ওভারে সেই জুটি ভাঙেন অক্ষর। ৭৮ বলে ৭৬ রান করে ফেলা ক্রলিকে ফেরান তিনি। এর পরেই ইংল্যান্ডের মিডল অর্ডারের উপর ধ্বংসলীলা চালান যশপ্রীত বুমরা। প্রথমে ফেরান জো রুটকে। বুমরার বিধ্বংসী ইয়র্কারের শিকার হন গত ম্যাচের নায়ক অলি পোপ। ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের স্টাম্পও ভাঙেন বুমরা। আউট হওয়ার পর স্টোকসের অভিব্যক্তি বলে দিচ্ছিল কতটা ভয়ঙ্কর বল করছিলেন ভারতীয় পেসার। জনি বেয়ারস্টো, টম হার্টলি এবং জেমস অ্যান্ডারসনকেও নিজের শিকার বানান পঞ্জাবের পেসার।

আরও পড়ুন: AFCON2024: অ্যাঙ্গোলোকে হারিয়ে নেশনস কাপের সেমিফাইনালে নাইজেরিয়া
বুমরা-কুলদীপের দাপটে মাত্র ৫৫.৫ ওভারে ২৫৩ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। গোটা একটা দিন ব্যাটই করতে পারলেন না স্বাগতিকরা। বুমরা ৪৫ রান খরচ করে নিলেন ছয় উইকেট। রবীন্দ্র জাডেজা চোটের কারণে বাদ পড়ায় দলে জায়গা করে নেন কুলদীপ। এদিন তিন উইকেট পেয়েছেন তিনি। অক্ষর প্যাটেলের ঝুলিতে গিয়েছে একটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৮ রান তুলেছে ভারত। ক্রিজে রয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা (১৩) ও যশস্বী জয়সওয়াল (১৫)।


More Stories
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের