সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারিঃ আবগারি দুর্নীতি মামলায় আরও বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার কেজরিওয়ালের আপ্তসহায়ক বিভব কুমারের বাড়িতে হানা দিল ইডি। আবগারি দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে।মঙ্গলবার সকালে অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব ছাড়াও এই তালিকায় রয়েছেন আপের রাজ্যসভার সাংসদ তথা দলের কোষাধক্ষ্য এনডি গুপ্তাও। পাশাপাশি দিল্লিতে আপের ১০ নেতার বাড়ি এবং জমিতে হানা দেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। এদিন সকাল থেকে ইডি-র গোয়েন্দারা বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালান।
প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এরপরই এই ইস্যুতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও নোটিস পাঠিয়ে একাধিকবার তলব করেছিল ইডি। আবগারি দুর্নীতি মামলায় এর আগে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-কে গ্রেফতার করেছে ইডি। আপ সাংসদ সঞ্জয় সিং-কে জেরা করে ইতিমধ্যেই নতুন কিছু তথ্য পেয়েছে ইডি। গত ৪ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাসভবনে তল্লাশির পর তাঁকে গ্রেফতার করেছিল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কিছুদিন আগেই উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার ইডির তলব এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এখনও পর্যন্ত পাঁচবার ইডির তলব এড়িয়েছেন তিনি। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে গত শুক্রবার তলব করা হয়েছিল তাঁকে।
যদিও ইডির সমন এড়ানোর জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, কেজরিওয়ালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতের দ্বারস্থ হতে পারে ইডি। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিল ইডি। বিগত চার মাস ধরে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠাচ্ছে ইডি, কিন্তু প্রতিবারই সমন এড়িয়েছেন তিনি। এর আগে ১২ নভেম্বর ও ২১ ডিসেম্বরও সমন পাঠানো হয়েছিল আপ সুপ্রিমোকে। স্বভাবসিদ্ধভাবে ওই দুই দিনও তিনি হাজিরা দেননি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নতুন বছরের ৩ জানুয়ারি ও ১৮ জানুয়ারিও হাজিরার জন্য সমন পাঠায় ইডি, সেটিও এড়িয়ে যান কেজরিওয়াল। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, ইডির তরফে যে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে যে সমন পাঠানো হয়েছে, তা বেআইনি। তদন্তে সহযোগিতা করতে রাজি কেজরিওয়াল, কিন্তু রাজনৈতিক স্বার্থে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে তাঁকে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক