স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ ফেব্রুয়ারি: ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী ফুটবল। মৃত্যু হল প্রতিভাবান এক ফুটবলারের। জানা গিয়েছে ফুটবলারটির নাম অ্যাডাম অ্যাঙ্কার্স। ইংল্যান্ডের ক্লাব উইকম্ব ওয়ান্ডার্সের হয়ে খেলার সময়ে অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। মাত্র ১৭ বছরেই জীবন যুদ্ধে হার মানেন অ্যাডাম। সমাজ মাধ্যমে ফুটবলারটির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বাবা।

উইকম্ব ওয়ান্ডার্সের যুব দলের ফুটবলার ছিলেন অ্যাডাম অ্যাঙ্কার্স। পাশাপাশি অক্সফোর্ডশায়ারের হেনলে কলেজের ছাত্রও ছিলেন। রবিবার খেলার মাঠেই অসুস্থ হয়ে মাঠ ছাড়তে হয়। আর মাঠে ফেরা হল না তাঁর। মঙ্গলবার সমাজমাধ্যমে অ্যাডামের বাবা লিখেছেন, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমদের ছেলে অ্যাডাম আর আমাদের মধ্যে নেই। সে ফুটবল খেলাকে ভালোবাসত। সেই ফুটবলের একটা ফুটবল ম্যাচ খেলেই ওর মৃত্যু হল। আমরা তাকে খুব ভালবাসতাম। ওর মৃত্যুতে আমরা বিধ্বস্ত। না থেকেও ও আমাদের মধ্যেই থাকবে আজীবন। অ্যাডামকে কখনও ভুলতে পারব না।” ছেলের মৃত্যু কথা জানালেও তার কারণ সম্পর্কে কিছু বলেননি অ্যাডামের বাবা।

আরও পড়ুন: CHELSEA: এঞ্জোর দুরন্ত গোলে স্বস্তির জয় চেলসির
নিজের ক্লাব এবং সতীর্থদের মধ্যেও জনপ্রিয় ছিল অ্যাডাম। সব সময় হাসিখুশি থাকত বলেও জানিয়েছেন তার সতীর্থ ও কোচরা। এহেন ফুটবলারের মৃত্যু মেনে নিতে পারছে না বাকিংহামশায়ারের ক্লাবটি।কার্যত শোকের ছায়া নেমে এসেছে ক্লাবে। ক্লাব আগামী ১০ ফেব্রুয়ারি পিটারবোরোর বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। সেই ম্যাচের আগে প্রয়াত ফুটবলারকে শ্রদ্ধা জানাবেন ক্লাব কর্তৃপক্ষ। দলের কোচ ম্যাট ব্লুমফিল্ড জানিয়েছেন , “ এই ব্যথা প্রকাশ করার ভাষা আমার অভিধানে নেই। গত সপ্তাহে নিজের প্রিয় খেলাটা খেলার সময় অসুস্থ হয়ে পড়েছিল অ্যাডাম। আমরা সকলে ভেবেছিলাম সুস্থ হয়ে দ্রুত মাঠে ফিরবে। কিন্তু তারপর আমাদের কাছে এই খবরটি এসে পৌঁছল। সত্যি বলছি, এখনও ভয়াবহ খবরটি বিশ্বাস করতে পারছি না। আমরা তার বন্ধু, পরিবার এবং পরিজনের পাশে থাকার চেষ্টা করব।’’ ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে লেখা হয়েছে, “ এই ক্লাবের সঙ্গে জড়িত সকলের কাছে এটা একটা অবর্ণনীয় ধাক্কা। একজন কিশোর, প্রতিভাবান এবং জনপ্রিয় ফুটবলারের এরকম পরিণতি মেনে নেওয়া যায় না। অল্প দিনেই নিজের পরিচিতি তৈরি করে নিয়েছিল। সবার ভালোবাসাও সে আদায় করে নিয়েছিল। ওর মৃত্যুর খবরে সবাই ভেঙে পড়েছে। আমাদের জানা নেই আমাদের এখন ঠিক কী করা উচিৎ।’’


More Stories
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব