Home » জয়ের জয়জয়কার : ভারতীয় ফুটবলে নতুন মুখ জয় গুপ্তা

জয়ের জয়জয়কার : ভারতীয় ফুটবলে নতুন মুখ জয় গুপ্তা

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ১০ ফেব্রুয়ারি: ভারতে জন্ম, ভারতে বেড়ে ওঠা আর কৈশোরে ফুটবলের হাতেখড়ি প্রথম শ্রেণীর ভারতীয় ক্লাবে। স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। ১৮ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন বিদেশে। তারপরে প্রায় তিন বছর খেলে ফেলেন বিদেশের ক্লাবে যা একজন তরুণ ভারতীয় ফুটবলার হিসেবে অনন্য নজির। হতে পারে তিনি বিদেশে তথাকথিত নিচের সারির পঞ্চম ও ষষ্ঠ ডিভিশনে খেলেছেন -কিন্তু যে দেশ দুটিতে পেশাদারী ফুটবলে সুযোগ পেয়েছেন তিনি এবং বেশ কিছু ম্যাচ খেলেছেন এমনকি একাধিক গোলও করেছেন সেই দেশ দুটি বিশ্ব ফুটবল মানচিত্রে একদম সামনের সারিতে। তিনি খেলেছেন পর্তুগাল স্পেনে। স্পেনের যে পর্যায়ের ফুটবল তিনি অল্প বয়সেই খেলে এসেছেন সেই পর্যায়ে খেলা একাধিক স্প্যানিশ ফুটবলার মোটা টাকায় ভারতীয় ক্লাবে এসে ফুটবল খেলেছেন।ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগালে ও স্পেনে ফুটবল খেলে ভারতে ফিরে এসে এফসি গোয়ায় এসে কী করেন তিনি সে দিকে কিছু ফুটবলপ্রেমীর নজর হয়তো ছিল। তিনি গত দুতিন মাস ধরে নজরেও পড়ছেন। শক্তিশালী বাঁ পা তাঁর সম্পদ। আক্রমণে পটু হলেও রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে ভারতের আগামী দিনের তারকা হওয়ার সম্ভাবনা নিয়ে উত্থান হয়েছে যে ফুটবলারের তাঁর নাম জয় গুপ্তা। ওড়িশার বিরুদ্ধে আইএসএলের দুটি সাক্ষাৎকারের দুটিতেই গোল করে ভারতের সমস্ত ফুটবল প্রেমীর নজর কেড়ে নিয়েছেন ২২ বছরের তরুণ জয় গুপ্তা ।

মহারাষ্ট্র পুনেতে ২০০১ সালে জন্ম জয় গুপ্তার। ২০১৬ ও ২০১৭ ইউথ ক্যারিয়ার পুনে সিটির হয়ে কেটেছে। ২০১৯ সালে পর্তুগালে যান। সে দেশের রাজধানী লিসবনে পঞ্চম ডিভিসনে এএফ লিসবোয়া-র দ্বিতীয় দল জিডি এসতোরিল বি -র হয়ে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩৪ টি ম্যাচ খেলে ফেলেন তিনি। এই সময়ের মধ্যে ভারতে ফেরার কথা থাকলেও এবং ওড়িশা এফ সির হয়ে ট্রায়ালে এলেও টেকনিক্যাল কারণে আইএসএলে খেলা সম্ভব হয় নি। জোসেফ গাম্বাউ তাঁর খেলায় মুগ্ধ হলেও ওড়িশার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামা হয় নি তাঁর। বরং লিসবনের পঞ্চম ডিভিশনে ক্লাব থেকে স্প্যানিশ লিগে খেলতে যান তিনি। এবছর আইএসএলে এফসি গোয়ার হয়ে সুযোগ পেতেই বুঝিয়ে দিচ্ছেন ভারতীয় জার্সি গায়ে দেওয়া তাঁর সময়ের অপেক্ষা মাত্র। জয় গুপ্তা একজন লেফট ব্যাক ও ডিফেন্ডার হলেও গোলটাও দারুণ চেনেন। অক্টোবর মাসটা দারুণ কেটেছে জয় গুপ্তার।মানেলো মার্কেজ তাঁকে সুযোগ দিতেই ওড়িশার বিরুদ্ধে ৩-২ গোলে জয়ে গোল করে অবদান রেখেছেন জয় গুপ্তা। অক্টোবর মাসের মোস্ট ইমার্জিং ফুটবলার ছিলেন তিনি। লেফট ব্যাক জয় গুপ্তা ডুরান্ড কাপের পরেও ভালো ফর্মে আছেন । ফেব্রুয়ারি মাসেও তাঁর পরাক্রম অব্যাহত। আইএসএলে ওড়িশার বিরুদ্ধে ফিরতি খেলায় বাঁ পায়ের যে গোলার মত শটে সমতা ফিরিয়েছেন জয় গুপ্তা তা চোখে লেগে থাকার মত। একাধিক প্লেয়ারকে দ্রুত ড্রিবল করে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন জয়, গোল করতে জানেন জয়, লেফট ব্যাক হলেও ডিফেন্সের যেকোনো পজিশনে খেলতে পারেন জয় । সুযোগ পেলে ভারতীয় দলে আগামী দিনে তিনি যে সম্পদ হয়ে উঠতে পারেন তার ইঙ্গিত পূর্ণমাত্রায় রাখছেন জয় গুপ্তা।।

About Post Author