সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতায় পৌঁছনোর কথা তাঁর। বিশেষ কিছু না ঘটলে পরদিনই অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি তিনি যাবেন মায়াপুরের ইসকন মন্দিরে। এবার বাংলার কৃষ্ণভক্তদের আবেগে ছোঁবেন অমিত শাহ। ওয়াকিবহাল মহলে তা নিয়ে চর্চা তু্ঙ্গে। রবিবারই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।
গেরুয়া শিবির সূত্রে খবর, আগামী ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতায় পৌঁছবেন শাহ। এদিন রাতে কলকাতাতেই রাত্রিবাস করবেন। ২৯ ফেব্রুয়ারি যাবেন মায়াপুরে। সেখানে ইসকন মন্দির দর্শন করবেন। এরপর রানাঘাট-সহ বেশ কয়েকটি লোকসভার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর কলকাতায় ফিরে দলীয় বৈঠক করতে পারেন শাহ। তবে তা এখনও চূড়ান্ত হয়নি। রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠকে বসতে পারেন। কলকাতায় ফিরেও উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় কোনও প্রকাশ্য সমাবেশ করবেন না বলেই জানা গিয়েছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে এত তাড়াতাড়ি নিশ্চিত হওয়া যায় না। ফেব্রুয়ারির শেষ দিনে তিনি বাংলায় থাকবেন বলে কথা দিয়েছেন। তবে কখন কোথায় কী কর্মসূচি হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।তবে ফেব্রুয়ারির শেষে তিনি বাংলায় থাকবেন বলেই কথা দিয়েছেন।’
দিল্লিতে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হবে বলেই বড়সড় দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মতুয়া আবেগের পর তবে এবার কৃষ্ণ আবেগে শান দেওয়াই লক্ষ্য তাঁর? লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে এসে শাহের ইসকনের মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত বিধানসভা নির্বাচনের আগে ২০২১ সালের জানুয়ারি মাসের শেষেও মায়াপুরের ইসকন মন্দিরে এসেছিলেন তিনি। এরপরে ২০২৩ সালের জানুয়ারি মাসে ইসকন মন্দিরে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এবার ফের যাওয়ার কথা শাহের।


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি