Home » রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস

রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস

সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারিঃ রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। বছরের শুরু থেকেই রেশন দুর্নীতির তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শংকর আঢ্যর পর এবার ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। বুধবার সাত সকালে সল্টলেকের আই বি ব্লকের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে ইডি। সূত্রের খবর, আজই বিশ্বজিৎ দাসকে আদালতে পেশ করা হবে। ধৃত বিশ্বজিতের একদিকে যেমন সোনার ব্যবসা, মানি এক্সচেঞ্চের ব্যবসা রয়েছে, তেমনই রয়েছে ইমপোর্ট-এক্সপোর্টের ব্যবসা। ইডির দাবি, এই সব সংস্থার মাধ্যমেই বিপুল পরিমাণ রেশন দুর্নীতির টাকা পাচার হয়েছে বিদেশে।

আরও পড়ুন  ত্বকের জৌলুস ফেরাতে আজ থেকেই ব্যবহার করুন বেসন-গোলাপ জলের এই ফেসপ্যাক

উল্লেখ্য, মঙ্গলবার সাত সকালে ফের সল্টলেক-সহ শহরের মোট ছয় জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আঢ্যর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিৎ দাসের নাম উঠে এসেছে। প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে শংকর আঢ্যর আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পেতে ইতিমধ্যেই কলকাতা ও সল্টলেকের ৪ জায়গায় তল্লাশি চালান ইডি। তার মধ্যে যেমন রয়েছে রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আঢ্যর অফিস, তেমনই রয়েছে সল্টলেকের সেক্টর ফাইভে তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অরবিন্দ সিংয়ের অফিসও। তাঁর কলকাতার বাড়ি, অফিসে চিরুনি তল্লাশি চালানোর পর উদ্ধার হয় প্রচুর বাংলাদেশি মুদ্রা। ভারতীয় টাকায় যা প্রায় ৮ লক্ষের কাছাকাছি।
রেশনে মোট ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেই জানিয়েছে ইডির আইনজীবী। যার মধ্যে ২৭০০ কোটি টাকা পাচার হয়েছিল দুবাইয়ে। বিগত প্রায় এক দশক ধরে এই কারবার চলছে। শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমেই ওই বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয় বলে দাবি ইডির। উল্লেখ্য, টানা ১৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর অবশেষে গত ৫ জানুয়ারি রাত ১২টা নাগাদ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ইডি। এদিন রাতেই তাঁকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্স। সূত্র মারফত জানা গিয়েছে,শঙ্করের বাড়ি থেকে রেশন দুর্নীতির একাধিক গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা। অন্যদিকে, শঙ্করের শ্বশুরবাড়িতে তল্লাশি অভিযানের পর লাখ লাখ টাকা উদ্ধার হয়েছে। সূত্রের খবর, সব মিলিয়ে নগদে প্রায় সাড়ে আট লাখ টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। জানা গিয়েছে, বাড়ির একটি আলমারিতে রাখা ছিল এই বিপুল পরিমাণ নগদ টাকা, যার মধ্যে বেশিরভাগই ৫০০ টাকার নোটের বান্ডিল।

About Post Author