Home » RANJI TROPHY: প্রথম শ্রেণির ক্রিকেটে অবসরের হিড়িক, খেলা ছাড়ার সিদ্ধান্ত আরও চার ক্রিকেটারের

RANJI TROPHY: প্রথম শ্রেণির ক্রিকেটে অবসরের হিড়িক, খেলা ছাড়ার সিদ্ধান্ত আরও চার ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ ফেব্রুয়ারি: ঘরোয়া ক্রিকেটে চলছে অবসরের হিড়িক। গত রবিবার ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন মনোজ তিওয়ারি। গ্রুপ পর্ব থেকে বাংলা বিদায় নিয়েছে। ফলে মরশুম শেষের আগেই যবনিকা পড়েছে বাংলার অধিনায়কের ক্রিকেট ক্যারিয়ারে। তবে মনোজ একা নন ক্রিকেট ছাড়ার কথা ঘোষণা করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে আরও চার পরিচিত মুখ।

আগামী মরশুমে আর ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে না সেই ক্রিকেটারদের। অবসরের কথা ঘোষণা করেছেন ঝাড়খণ্ডের দুই ক্রিকেটার সৌরভ তিওয়ারি ও বরুণ অ্যারন। বিহার ও ঝাড়খন্ড দুই রাজ্যের হয়ে খেলেছেন সৌরভ। একটা সময় আইপিএলের পরিচিত মুখ ছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন আট হাজারের বেশি রান। তবে তিনিও খুব বেশি দিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান নি। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়। তবে সাফল্য পাননি। ওই বছরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবারের মত জাতীয় দলের হয়ে খেলতে দেখা গিয়েছে তাকে।তবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন চুটিয়ে। ঝাড়খণ্ডকে রঞ্জি ট্রফিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি খেলেছেন বেশ কিছু স্মরণীয় ইনিংস। তবে ৩৪ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন সৌরভ।

সৌরভের পাশাপাশি অবসর নিয়েছেন ঝাড়খণ্ডের জোরে বোলার বরুণ অ্যারনও। ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার পাশাপাশি আইপিএলের একাধিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।একটা সময় দেশের উদীয়মান জোরে বোলারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।তবে দেশের হয়ে তিনিও বেশিদিন খেলতে পারেননি। দেশের হয়ে ন’টি করে টেস্ট ও একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন বরুণ। দুই ফরম্যাট মিলিয়ে পেয়েছেন ২৯ টি উইকেট। তবে দীর্ঘ প্রথম শ্রেণির ক্রিকেট জীবনে ১৭৩টি উইকেটের মালিক তিনি। আগামী মরশুমে তাকেও আর রঞ্জি ট্রফিতে দেখা যাবেনা। বাংলার মত ঝাড়খণ্ডও রঞ্জি ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেল দুই ক্রিকেটারের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার।

আরও পড়ুন: মাইক প্রোক্টর : দক্ষিণ আফ্রিকার নির্বাসন যাকে বিশ্বসেরা হতে দেয় নি

মনোজ, সৌরভ এবং বরুণ ছাড়াও রঞ্জি ট্রফির শেষে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ধবল কুলকর্নি এবং ফৈয়জ ফজল। ধবল দীর্ঘদিন ধরে মুম্বইয়ের হয়ে খেলছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮১টি উইকেট রয়েছে তার ঝুলিতে। মুম্বইয়ের এই পেসার ভারতের হয়ে খেলেছেন মাত্র ১৪ টি ম্যাচ। মোট ২২ টি উইকেট রয়েছে তার ঝুলিতে। ফলে তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনও বর্ণময় নয়। তবে আইপিএল ও লিস্ট এ ক্রিকেটে তিনি অতি পরিচিত মুখ। এই মরশুম শেষে ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৫ বছরে এই ক্রিকেটারও।

ক্রিকেটকে বিদায় জানানো ক্রিকেটারদের মধ্যে শেষ নামটি ফৈয়জ ফজলের। বিদর্ভের রঞ্জিজয়ী অধিনায়কও অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন। তবে তার দল এখনও রঞ্জি ট্রফিতে টিকে রয়েছে। ফলে নক আউটে খেলার সুযোগ পাবেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৮টি ম্যাচে ৯১৮৪ রান করেছেন ফৈয়জ। গড় ৪১। তবু ভারতীয় দলের দরজা একবারই খুলেছে তার সামনে।সেই ম্যাচে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিনি।

About Post Author