সময় কলকাতা ডেস্ক, ২০ ফেব্রুয়ারি: ফের বঙ্গে বৃষ্টিপাতের ভ্রুকুটি। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে। বুধবার থেকেই রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাতাসে এখন বসন্তের ছোঁয়া। কলকাতা থেকে শীত ইতিমধ্যেই বিদায় নিয়েছে। এবার ধীরে ধীরে গরমের প্রবেশ করার পালা। চলতি সপ্তাহেই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে। বুধ ও বৃহস্পতিবার থেকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে,কলকাতায় শীতের বিদায় পর্বের মধ্যে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে নিম্নমুখী। তবে, উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও শীতের আমেজ থাকবে।
আরও পড়ুন আধার কার্ড বাতিল প্রসঙ্গ এবং মতুয়া সম্প্রদায় : বনগাঁ লোকসভা এলাকা সরগরম
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই কার্যত শীতের বিদায় পর্ব। শহর কলকাতায় ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তবে, বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এদিন সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। তিলোত্তমায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৯ থেকে ৮৮ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে।
পূর্বাভাস বলছে, বুধবার থেকেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। সকালের দিকে আকাশ রোদ ঝলমলে থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং পূর্ব উত্তর প্রদেশে। এদিকে ২১ থেকে ২৪ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতে রাজ্যগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও গরম পড়বে ধীরে ধীরে।


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি