স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: শেষরক্ষা হল না। ধর্ষণের দায়ে দোষী সব্যস্ত হলেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেস। আর তার জেরে সাড়ে চার বছরের জেল হল মেসি-নেইমারের প্রাক্তন সতীর্থের। বৃহস্পতিবার তাঁকে দোষী সব্যস্ত করেছে স্পেনের আদালত।

২০২২ সালে আলভেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এক যুবতী তার বিরুদ্ধে সেই অভিযোগ করেছিলেন। তিনি পুলিশকে জানিয়েছিলেন ওই বছর বর্ষশেষের রাতে বার্সেলোনার এক নাইটক্লাবের শৌচালয়ে তাঁকে যৌন নিগ্রহ করেন ব্রাজিলের তারকা ফুটবলার। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ প্রথমে মিথ্যা বলে দাবি করে এসেছিলেন মেসি-নেইমারের প্রাক্তন সতীর্থ। যদিও পরের দিকে তিনি স্বীকার করে নেন যৌথ সন্মতিতেই শারিরীক সম্পর্ক হয় তাদের।

কাতালান পুলিশের তরফে জানানো হয়েছিল ২ জানুয়ারি তাদের কাছে যৌন নিগ্রহের অভিযোগ করেছিলেন এক যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে গত বছর ২০ জানুয়ারি আলভেসকে গ্রেফতার করা হয়। সেই থেকে জেলেই রয়েছেন ব্রাজিল ও বার্সেলোনার প্রাক্তন তারকা। অভিযোগকারিণীর পক্ষের আইনজীবী ১২ বছরের কারাদণ্ড চেয়েছিলেন আলভেসের। সরকারি আইনজীবী সওয়াল করেছিলেন ৯ বছরের কারাদণ্ডের। যদিও নিজের মক্কেল নির্দোষ বলে দাবি করেন আলভেসের আইনজীবী । একান্তই দোষ প্রমাণিত হলে এক বছরের কারাদণ্ডের পক্ষে তিনি সওয়াল করেন।

আরও পড়ুন: SACHIN TENDULKAR: ভূস্বর্গে ব্যাট হাতে ক্রিকেটের ভগবান, রইল ভিডিও দেখে নিন
অন্য দিকে, প্রাক্তন স্ত্রীর সঙ্গেও বিবাহবিচ্ছেদের মামলা চলছে আলভেসের। তার সব সম্পত্তি আপাতত বাজেয়াপ্ত রয়েছে। ফলে আইনি লড়াইয়ের জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারছেন না তিনি। এই পরিস্থিতিতে বন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। আলভেসকে ১ লাখ ৫০ হাজার ইউরো বা ভারতীয় মুদ্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা দিয়ে সাহায্য করেছিলেন তিনি। কিন্তু তাতেও শাস্তি এড়াতে পারলেন না আলভেস। ফুটবলারকে সাড়ে চার বছরের কারাবাস ও আর্থিক জরিমানার শাস্তি দিয়েছে স্পেনের আদালত। যদিও শাস্তির বিরুদ্ধে মামলা করার রাস্তা খোলা রয়েছে আলভেসের কাছে।


More Stories
পন্থের নয়া কীর্তি
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট
স্টেইনকে টপকালেন স্টার্ক, ৪০০ উইকেট ক্লাবের মাইলফলকের ইতিহাসে নতুন সংযোজন