Home » LIVERPOOL: ভ্যান ডাইকের করা শেষ মুহূর্তের গোলে, দশম বারের জন্য কারাবাও কাপ জয় লিভারপুলের

LIVERPOOL: ভ্যান ডাইকের করা শেষ মুহূর্তের গোলে, দশম বারের জন্য কারাবাও কাপ জয় লিভারপুলের

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: মরশুমের প্রথম ট্রফিটি ঘরে তুলল লিভারপুল। চেলসিকে ১-০ গোলে হারিয়ে দশম লিগ কাপ ঘরে তুলল য়ুরেগন ক্লপের ছেলেরা। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ভ্যান ডাইকের করা গোল ম্যাচে ফারাক গড়ে দিল। খেলায় একাধিক গোলের সুযোগ পেয়েছিল দুটি দল। সব মিলিয়ে এক টানটান কারাবাও কাপ ফাইনালের সাক্ষী থাকল রবিবাসরীয় ওয়েম্বলি।

ফাইনালে নামার আগে প্রথম একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছিল লিভারপুল কোচ য়ুরেগন ক্লপকে। চোটের জন্য আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন ট্রেন্ট আলেক্সান্ডার ও দিয়েগো জোটা। ফিটনেস নিয়ে সমস্যা থাকায় মহম্মদ সালাহ, ডমিনিক সবজলাই, ডারউইন নুনেজকেও দলে রাখেননি ক্লপ। অ্যাকাডেমির তরুণদের নিয়ে দল সাজিয়েছিলেন বর্ষীয়ান জার্মান কোচ।  

চেলসির মত শক্তিশালী দলের বিরুদ্ধে ভ্যান ডাইকের নেতৃত্বে লিভারপুলের তরুণরা অনবদ্য ফুটবল উপহার দিলেন। খেলার ২১ মিনিটে চেলসির কোল পালমারের শট দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন  কাউমিন কেলেহার। প্রথমার্ধে লিভারপুলের চিন্তা বাড়ায় ডাচ তারকা রায়ান গ্র্যাভেনবার্গের চোট। ৩১ মিনিটে লিভারপুলের প্রাক্তন রহিম স্টার্লিংয়ের গোল অফসাইডের জন্য বাতিল হয়। গোলের সুযোগ তৈরী করেছিল মার্সিসাইডের দল। রবার্টসনের বাড়ানো ক্রস থেকে কোডি গাকপোর হেড পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধে গোলের খাতা প্রায় খুলে ফেলেছিল লিভারপুল। রবার্টসনের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন লিভারপুল অধিনায়ক। তবে সেই গোল অফসাইডের জন্য বাতিল হয়। ৭৭ মিনিটে পোস্টে মারেন চেলসির কনর গালাহার। ৮৫ মিনিটেও দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে গালাহারের শট বাঁচিয়ে লিভারপুলকে খেলায় রাখে গোলরক্ষক কেলেহার। নির্ধারিত সময়ে আর কোনও দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

আরও পড়ুন: অনবদ্য ধ্রুব জুরেল, অশ্বিন-কুলদীপের ভেলকি, টেস্ট ও সিরিজ জয়ের মুখে ভারত

অতিরিক্ত সময়ে তরুণ ব্রিগেডের উপর আস্থা দেখান লিভারপুল কোচ। একাধিক তরুণ ফুটবলারকে পরিবর্ত হিসেবে নামিয়ে দেন জার্মান কোচ। তবে অতিরিক্ত সময়ের খেলা ছিল বেশ ছন্নছাড়া। দুটি দল গোল করার থেকেও গোল হজম না করার দিকে বেশী মনোনিবেশ করে। একটা সময় মনে হচ্ছিল দুবছর আগের ফাইনালের পুনরাবৃত্তি হবে। সেখানে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছিল পেনাল্টতে। তবে ম্যাচকে আর দীর্ঘায়িত করতে দেননি লিভারপুল অধিনায়ক। ১১৮ মিনিটে কস্টাস সিমিকাসের  কর্নার থেকে তার হেডার চেলসির জালে জড়িয়ে যায়। ওই গোলেই দশমবারের জন্য লিগ কাপ জয় নিশ্চিত করে লিভারপুল।

About Post Author