Home » কেরালা ব্লাস্টার্সের বেনজির জয়

কেরালা ব্লাস্টার্সের বেনজির জয়

সময় কলকাতা ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি : শুরুর ১৭ মিনিটের মধ্যেই  রওলিন এবং ইয়াসির গোল করে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে দিয়েছিলেন এফসি গোয়াকে।নোয়ার ন্যায্য গোল বাতিল না হলে ৩-০ ব্যবধান হয়ে যেত প্রথমার্ধেই । আইএসএলে প্রথমার্ধে দুগোল খেয়ে ম্যাচ জেতার নজির ছিল না কেরালা ব্লাস্টার্সের । ৩৭ টি ম্যাচে প্রথমার্ধে দুগোলে পিছিয়ে থাকা কেরালা ৩২ বার হেরেছে, পাঁচবার ম্যাচ থেকেছে অমীমাংসিত। জেতে নি একবারও।সেই ট্র্যাডিশন ভেঙে গেল রবিবার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল কেরালা। ৫১ মিনিটে দাইসুকের গোলের পরেও মনে হয় নি, খেলার ফল একপেশে ভাবে কেরালার পক্ষে যাবে। ৮০ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোয়ার পক্ষে ২-১। এরপরেই ভাসানো ক্রস ক্লিয়ার করতে গিয়ে হাতে লাগান কার্ল ম্যাকিউ। পেনাল্টি থেকে ২-২ করেন দিয়ামানতাকোস। তিনি গোলরক্ষকের ভুলে ৩-২ করে যান কয়েক মিনিটের মধ্যে। খেলার অন্তিম মুহূর্তে চোখধাঁধানো শটে  ৪-২ করে গোয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন কেরালা ব্লাস্টার্সের নিউ রিক্রুট লিথুয়িনিয়ার অধিনায়ক ফেডোর।

About Post Author