সময় কলকাতা ডেস্ক, ১ মার্চঃ লোকসভা নির্বাচনের আগে দুদিনের রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার আরামবাগে ও শনিবার কৃষ্ণনগরে রাজনৈতিক জনসভা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই দু’দিনের বঙ্গ সফর ও দু’টি জনসভাই রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথাও রয়েছে তাঁর। বঙ্গে আসার আগে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত যোগী আদিত্যনাথ, দেবেন্দ্র ফড়ণবিস, পুষ্কর সিং ধামির মতো নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মোদি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় প্রধানমন্ত্রীর বড় কোনও বার্তা দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন দুপুর ৩ টের আগেই হেলিকপ্টারে চেপে আরামবাগে পৌঁছয় প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ৩টেয় মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর বক্তব্য রাখেন জনসভায়।
আরও পড়ুন তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি অশোকনগরে, অভিযুক্তের বাড়ি ভাঙচুর স্থানীয়দের
মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির নেতারা। এদিন আরামবাগ পৌঁছেই একাধিক প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। রেল ও বন্দর মিলিয়ে প্রায় ৭২০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করেছেন মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে রেলের ততটাই উন্নয়ন হোক, যেমনটা দেশের অন্য প্রান্তে হচ্ছে। এর ফলে পর্যটনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। ট্রেন চলাচল যাতে আরও সুষ্ঠভাবে হয়, তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। শ্যামাপ্রসাদ বন্দরের জন্যও তিন যোজনার বিস্তার করছে ভারত। এবার পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নের জন্য ১৩ হাজার কোটির বেশি বরাদ্দ করেছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্টেশনের আধুনিকীকরণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।‘

একইসঙ্গে তিনি বলেন, ‘অমৃত ভারত প্রকল্পে বাংলার ১০০টি স্টেশনের চেহারা বদলে যাবে। ইতিমধ্যেই চালু হয়েছে ৫টি বন্দে ভারত এক্সপ্রেস। গত ১০ বছরে ১৫০-টির বেশি নতুন ট্রেনের পরিষেবা শুরু হয়েছে বাংলায়। এবার ১০০০ কোটি টাকার বেশি খরচ করছে কেন্দ্রীয় সরকার। পশ্চিম মেদিনীপুরে এলপিজি বটলিং প্লান্ট চালু করা হয়েছে। সাত জেলা এর জন্য উপকৃত হবে। আয়ের অনেক নতুন পথ তৈরি হতে চলেছে। হুগলিতেও একটি প্লান্ট চালু হচ্ছে, যার ফলে উপকৃত হবেন হাওড়া, কামারহাটি, বরানগরের লক্ষ লক্ষ মানুষ।’


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা