Home » শনি ও রবিতে শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকছে না লোকাল ট্রেন, স্বাভাবিক থাকবে ট্রেন চলাচল

শনি ও রবিতে শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকছে না লোকাল ট্রেন, স্বাভাবিক থাকবে ট্রেন চলাচল

সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ: শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে কোনও ট্রেন বাতিল থাকছে না, এবার এমনটাই সুখবর শোনাল পূর্ব রেল। নন-ইন্টারলকিং সিস্টেমের কাজের জেরে শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনের ১৯টি শাখায় প্রচুর ট্রেন বাতিলের ঘোষণা করেছিল পূর্ব রেল। পরে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল। পূর্ব রেল এক্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, শনি ও রবিবার যে কটি ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছিল, তার সবকটিই চলবে। তবে ঠিক কী কারণে নন-ইন্টারলকিং সংক্রান্ত কাজের জন্য একগুচ্ছ ট্রেন বাতিল থাকার বিজ্ঞপ্তি জারির পরদিনই তা প্রত্যাহার করে নেওয়া হল, তা পূর্ব রেলের তরফে জানানো হয়নি। পূর্ব রেলের নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দমদমে নন ইন্টারলকিং সিস্টেমের কাজ আপাতত হচ্ছে না। তাই সপ্তাহান্তে আলাদা করে কোনও ট্রেন বাতিল হবে। এতে যাত্রীদের কোনও সমস্যাও হবে না।

আরও পড়ুন  রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া

রেলের এই নয়া বিজ্ঞপ্তিতে আপাতত স্বস্তিতে যাত্রীরা। নন-ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য শনিবার এবং রবিবার মিলিয়ে শিয়ালদহ ডিভিশনে মোট ২৭৮টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছিল। আটটি এক্সপ্রেস বা মেল বা মেমু ট্রেন চলবে না বলেও জানানো হয়েছিল। শনি ও রবিবার শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-বারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-বর্ধমান, শিয়ালদহ-কাটোয়া, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-ঠাকুরনগর, বারাসত-হাসনাবাদ, দমদম-বারাকপুর, হাসনাবাদ-দমদম শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। শুধু শনিবারই এই বাতিলের তালিকায় ছিল দেড়শোর বেশি ট্রেন। তবে, রেলের এই নয়া বিজ্ঞপ্তিতে আপাতত স্বস্তিতে যাত্রীরা।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই শিয়ালদহ ডিভিশনে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, ওভারহেডের কাজ, সিগন্যালের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল হয়েছে। প্রায় প্রতি সপ্তাহের শনি-রবিবার ট্রেন বাতিল থাকত। যার কারণে চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ। এরইমধ্যে ২৭৮টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্তে নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছিল যাত্রীদের মধ্যে।

About Post Author