স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ মার্চ: ফের মেসি-সুয়ারেজের যগলবন্দী দেখল ফুটবল বিশ্ব। ফুটবল মাঠে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া পুরনো। বার্সেলোনার হয়ে একাধিক স্মরণীয় ম্যাচ খেলেছেন l।সেই দৃশ্যই দেখা গেল আমেরিকার ফুটবল লিগ বা মেজর লিগ সকারে। তাদের দাপটে ফ্লোরিডা ডার্বিতে বড় জয় পেল ইন্টার মিয়ামি। গোলাপী জার্সিধারীরা ৫-০ গোলে হারিয়ে দিল অরল্যান্ডো সিটিকে। লাতিন আমেরিকার দুই দেশের দুই মহাতারকাই করেছেন জোড়া গোল।

যে সব যুগলবন্দীর কথা ফুটবল ইতিহাসে লেখা থাকবে, তাদের মধ্যে অবশ্যই প্রথমের দিকে থাকবেন তারা। ভৌগলিক ভাবে দুজনেই একই ভূখণ্ডের দুই ভিন্ন দেশের বাসিন্দা। দুটি দেশেরই বিশ্ব পরিচিতির অন্যতম আধার ফুটবল। কথা হচ্ছে মেসি-সুয়ারেজের জুটির কথা। ২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন সুয়ারেজ। তখন কাতালান ক্লাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন ফুটবলের অন্যতম সেরা প্রতিভা লিওনেল মেসি। দু’জনের যুগলবন্দী কীরকম হবে তা জানার আগ্রহ ছিল ফুটবল বিশ্বের। সমর্থক থেকে সমালোচক কাউকে নিরাশ করেননি তারা। টানা ছ’বছর কাতালান ক্লাবের হয়ে খেলেছেন বহু স্মরণীয় ম্যাচ। মেসির গোলের ঠিকানা লেখা পাস থেকে গোল করে দলকে সাফল্য এনে দিয়েছেন সুয়ারেজ। আবার উল্টোদৃশ্যটিও দেখা গিয়েছে। তাদের সৌজন্যে প্রায় সব ক্লাব খেতাব জিতেছে বার্সেলোনা। প্রায় চার বছর পর ফের এক দলে খেলতে দেখা যাচ্ছে সেই জুটিকে। আমেরিকার সকার লিগে ইন্টার মায়ামিতে গত মাসে নাম লিখিয়েছেন সুয়ারেজ।তারপর থেকে গোলের দেখা পাচ্ছিলেন না। ফলে মেসি-সুয়ারেজের জুটি দাগ কাটতে পারছিল না।
5⃣ goals and3⃣ points at home ✅#MIAvORL pic.twitter.com/P2pVt96Lbi
— Inter Miami CF (@InterMiamiCF) March 2, 2024
তৃতীয় ম্যাচেই সমর্থকদের মুখে হাসি ফোটালেন তারা। তাদের দাপটে ফ্লোরিডা ডার্বির মত সন্মানের ম্যাচে বড় জয় পেল ডেভিড বেকহ্যামের দল। গোটা খেলায় নিজেদের আধিপত্য কায়েম করেছিলেন মেসিরা। গোলের খাতা খুলতে সময় লাগে মাত্র ৪ মিনিট। গোল করে দলকে এগিয়ে দেন লুই সুয়ারেজ। প্রথম গোলের সাত মিনিট পর দলের ব্যবধান দ্বিগুণ করেন উরুগুয়ের তারকা। মেসি-সুয়ারেজের আক্রমণে মায়ামির কার্যত দিশেহারা হয়ে যায় অরল্যান্ডোর রক্ষণ। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৯ মিনিটে গোলাপী শিবিরের হয়ে তৃতীয় গোলটি করেন রবার্ট টেলর। ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মায়ামি। খেলার প্রথমার্ধে গোল পাননি মেসি। তিনি জ্বলে উঠলেন দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৭ ও ৬২ মিনিটে জোড়া গোল করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।মেসি-সুয়ারেজের জোড়া গোলে ভর করে শক্তিশালী অরল্যান্ডো সিটিকে হারিয়ে দিল মায়ামি।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়