Home » English Premiere League: নটিংহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ স্থান ধরে রাখল লিভারপুল, এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট চেলসির

English Premiere League: নটিংহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ স্থান ধরে রাখল লিভারপুল, এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট চেলসির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ মার্চ: জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার সাপ-লুডো খেলা। খেতাবি লড়াইয়ে রয়েছে তিন দল লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। তাদের মধ্যে পয়েন্টের ব্যবধান খুব কম। একটি ম্যাচে পয়েন্ট হারালে সুবিধা হয়ে যাবে অপর দলের। এই পরিস্থিতিতে শনিবার নেমেছিল লিভারপুল। জিতে লিগে শীর্ষ স্থান ধরে রাখতে পারলেন ক্লপের ছেলেরা? কী হল ম্যাচের ফল? জেনে নেওয়া যাক…

নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে তাদের ঘরের মাঠ সিটি গ্রাউন্ডে নেমেছিল অল রেডরা। প্রথম একাদশের একাধিক ফুটবলারকে চোটের জন্য পায়নি লিভারপুল। চোটের কারণে খেলতে পারেননি দলের তিন তারকা আলিসন বাকের, আর্নল্ড আলেক্সান্ডার ও মহম্মদ সালাহ। তবে এদিন জয় পেয়েই মাঠ ছেড়েছে তারা। নটিংহ্যামকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ক্লপ বাহিনী। ম্যাচের একমাত্র গোলটি আসে ডারউইন নুনেজের পা থেকে। ম্যাক অ্যালিস্টারের বাড়ানো পাস থেকে বল জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচে নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখেও গোল করতে পারেননি গাকপো, এলিয়টরা। ৭১ শতাংশ বল ছিল লিভারপুল ফুটবলারদের পায়ে। মোট ২২ টি শট করলেও মাত্র ২ টি শট বিপক্ষের গোলের মধ্যে রাখতে পেরেছে লিভারপুল। একটা সময় মনে হচ্ছিল ১ পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হবে দলকে। তখনই পরিবর্ত হিসেবে নেমে ম্যাচের রং বদলে দিলেন উরুগুয়ের তারকা। এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষ স্থান ধরে রাখল লিভারপুল। রবিবার ম্যানচেস্টার ডার্বিতে জিতলেও দু’নম্বরে থাকতে হবে পেপ গুয়ার্দিওলার সিটিকে।

আরও পড়ুন: ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট: আবার এক নতুন মুখ ?

অন্যদিকে আবারও পয়েন্ট নষ্ট করল চেলসি। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ২-২ গোলে শেষ করল মরিসিও পচেত্তিনো শিবির। যদিও ৩৫ মিনিটে জ্যাকসনের গোলে চেলসি এগিয়ে গিয়েছিল তারা। প্রথমার্ধে বিরতিতে যাওয়ার সময় এগিয়ে ছিল পশ্চিম লণ্ডনের ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের মরিয়া চেষ্টা চালাতে থাকে ব্রেন্টফোর্ড। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে খেলায় সমতা ফেরায় স্বাগতিকরা। রোয়েরস্লেভ গোল করেন। খেলার ৬৯ মিনিটে দুরন্ত গোলে ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন উইজা। ৮৩ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল চেলসি। তবে তাদেরকে হারের হাত থেকে রক্ষা করেন আক্সেল দিসাসি। হেড করে বল জালে জড়িয়ে দেন তিনি। ২৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চেলসি রইল একাদশ স্থানে।

About Post Author