স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ মার্চ: প্রিমিয়ার লিগের খেতাবি লড়াইয়ে জমিয়ে দিল আর্সেনাল। সোমবার মধ্যরাতে শেফিল্ড ইউনাইটেডকে বড় ব্যবধানে হারাল মিকেল আর্তেতার ছেলেরা। উত্তর লণ্ডনের ক্লাবটির পক্ষে খেলার ফল ৬-০। এই জয়ের ফলে লিগ জয়ের ত্রিমুখী লড়াইয়ে লিভারপুল ও সিটির উপর চাপ বাড়াল তারা।

গত মরশুমে শেষ মুহূর্তে প্রিমিয়ার লিগ হাতছাড়া হয়েছিল আর্সেনালের। ধারাবাহিকতার অভাবের খেসারত দিতে হয়েছিল তাদের। সেই সুযোগে শিরোপা জিতে নেয় ম্যানচেস্টার সিটি। অতীতের ভুল থেকে এবারে শিক্ষা নিতে চাইছেন আর্সেনালের কোচ। তিনি এই মরশুমে জোর দিয়েছেন দলের ধারাবাহিকতায়। দলের খেলায় তার প্রভাবও পড়ছে। গত তিন ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে আর্তেতা বাহিনী। প্রতিপক্ষের মাঠে গিয়ে টানা তিন ম্যাচে পাঁচ বা তার বেশি গোলে জয়ের নজির গড়েছে তারা। সোমবার শেফিল্ড ইউনাইটেডকে ৬-০ গোলে হারিয়ে এই কৃতিত্বের অধিকারী হয়েছে আর্সেনাল।

আরও পড়ুন: ফিল ফোডেনের জোড়া গোল, ম্যানচেস্টার ডার্বিতে জয় সিটির
সেই ম্যাচে শুধু বড় ব্যবধানে জয় নয়। বল দখলের লড়াইয়েও নিজেদের আধিপত্য দেখিয়েছে গানাররা। গোটা ম্যাচে ৮১ শতাংশ বল দখল করেছিল তারা। বিপক্ষের গোলে শট নিয়েছিল ১০ টি। খেলা শুরুর প্রথম ৩৯ মিনিটের মধ্যে ৫-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। প্রথম পাঁচ গোলের চারটি আসে চারজন ভিন্ন ফুটবলারের পা থেকে। ৫ মিনিটে গোল করে দলকে প্রথমে এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড। ১৩ মিনিটে বিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। ১৫ মিনিটে স্কোরবোর্ড ৩-০ করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ২৫ মিনিটে বিপক্ষের জালে বল জড়ান কাই হ্যাভার্টজ। ৩৯ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন ডেক্লান রাইস। বিরতির সময় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। বিরতির পর আক্রমণ বজায় রাখলেও মাত্র একটি গোল করতে পারে আর্সেনাল। দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন বেন হোয়াইট।

এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট পেয়ে তিন নম্বরে আর্সেনাল। সমসংখ্যক ম্যাচে ৬৩ পয়েন্টে শীর্ষে লিভারপুল। ৬২ পয়েন্ট পেয়ে দু’নম্বরে ম্যানচেস্টার সিটি। ফলে প্রথম তিনে থাকা দলগুলির মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ১। একটি ম্যাচে পয়েন্ট নষ্ট হলে প্রমিয়ার লিগের সব হিসাব উল্টে যেতে পারে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার