Home » ডেভিডের গোলে আই লিগ জয়ের আরও কাছে মহামেডান

ডেভিডের গোলে আই লিগ জয়ের আরও কাছে মহামেডান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ মার্চ: আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল মহামেডান স্পোর্টিং। রবিবার কোজিকোড়ের স্টেডিয়ামে ৩-২ গোলে গোকুলম এফসিকে হারিয়ে দিল সাদাকালো ব্রিগেড। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করলেন ডেভিড লালহানসাঙ্গা। এই জয়ে ফলে আই লিগ জয়ের আরও কাছে পৌঁছে গেল কলকাতার তৃতীয় প্রধান। আই লিগ জিতলে আগামী মরশুমে প্রথমবারের জন্য আইএসএলের মঞ্চে খেলতে দেখা যাবে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবকে। দলের এই জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ক্লাবের সভ্য-সমর্থকরা।

আরও পড়ুন  বিধানসভায় বিধায়ক পদে ইস্তফা তৃণমূল নেতা তাপস রায়ের, দলের বিরুদ্ধে উগরে দিলেন একরাশ ক্ষোভ

ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ আইএসএল। শেষ কয়েক বছর কলকাতার দুই দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।তবে এখনও এই মঞ্চে দেখা যায়নি কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিংকে। তবে এই মরশুমে আই লিগ জিতে সেই স্বপ্নপূরণ করতে চাইছে কলকাতা ময়দানের অন্যতম চর্চিত ক্লাব। গত ম্যাচে ডেকান এফসি-র বিরুদ্ধে পয়েন্ট নষ্ট হয়েছিল। দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদের দলের সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমেছিল কিছুটা।ফলে গোকুলমের বিরুদ্ধে ম্যাচ জিততে মরিয়া ছিলেন মহামেডান কোচ আন্দ্রে চের্নিশভ।

ম্যাচের শুরু থেকেই সেই দাপট দেখা গেল। খেলা শুরুর ১৬ মিনিটে সাদা কালো ব্রিগেডকে এগিয়ে দেন হার্নান্ডেজ।২৩ মিনিটে মহামেডানকে এগিয়ে দেন অ্যালেক্সিস।প্রথমার্ধের সংযুক্তি সময়ে কেরালার দলের হয়ে একটি গোল শোধ করেন নৌফল পি এন। ঘরের মাঠে হার বাঁচাতে দ্বিতীয়ার্ধের শুরু আক্রমণে ঝাঁঝ বাড়ান গোকুলমের ফুটবলাররা। ৬৫ মিনিটে খেলায় সমতা ফিরিয়েছিল গোকুলম। মহামেডান রক্ষণের ভুলে গোল করেন নিধিন কৃষ্ণ। প্রথম দলে একাধিক পরিবর্তন করেন সাদা কালো কোচ। তাতেই বদলে যায় ম্যাচের পরিস্থিতি। আক্রমণে বৈচিত্র বাড়ায় মহমেডান। তবে কিছুতেই গোল আসছিল না। সংযুক্ত সময়ে দলের হয়ে কাঙ্ক্ষিত গোলটি করেন ডেভিড। বিপক্ষের আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানেই থাকল মহমেডান। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডেকান।

About Post Author