Home » Table Tennis: ইতিহাস গড়ে প্যারিসের পথে ভারতের পুরুষ মহিলা টেবিল টেনিস দল

Table Tennis: ইতিহাস গড়ে প্যারিসের পথে ভারতের পুরুষ মহিলা টেবিল টেনিস দল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ মার্চ: ইতিহাসের সামনে ভারতীয় টেবল টেনিস (Table Tennis)। প্যারিস অলিম্পিকে টিম ইভেন্টে নামার ছাড়পত্র পেলেন শরৎ কমল ও সুতীর্থা মুখোপাধ্যায়দের দল। প্রথমবারের জন্য এই যোগ্যতা অর্জন করলেন ভারতীয় পেডলাররা। পুরুষ ও মহিলা দুবিভাগেই অলিম্পিকে অংশ নেওয়ার ছাড়পত্র পেল ভারত। এর আগে ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে খেলতে দেখা গিয়েছে ভারতীয় প্যাডলারদের। তবে দলগত বিভাগে এই প্রথমবার।

আরও পড়ুন: PREMIER LEAGUE: শেফিল্ড ইউনাইটেডকে ছ’গোলের মালা আর্সেনালের, চাপ বাড়ল লিভারপুল ও সিটির

বুসানে বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই প্যারিসের টিকিট নিশ্চিত ছিল ভারতীয় দলের। কিন্তু পুরুষ ও মহিলা দুটি দলই প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে যায়। যদিও র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারতের কাছে তখনও সুযোগ ছিল । আন্তর্জাতিক টেবল টেনিস ফেডারেশনের তালিকায় থাকা প্রথম ১৬টি দেশ সুযোগ পায় অলিম্পিক প্রতিযোগিতায়। সোমবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দেখা গিয়েছে ভারতের পুরুষ ও মহিলা দল নিরাপদ জায়গায় রয়েছে। ভারতীয় পুরুষদের দলের র‌্যাঙ্কিং ১৫। মহিলাদের দলের র‌্যাঙ্কিং ১৩। ফলে অলিম্পিকে যাওয়ার ক্ষেত্রে আর কোনও প্রতিবন্ধকতা রইল না ভারতীয় পুরুষ ও মহিলা টেবিল টেনিস দলের। দলের এই সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়ামহল।

আরও পড়ুন: English Premiere League: নটিংহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ স্থান ধরে রাখল লিভারপুল, এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট চেলসির

ভারতীয় টেবল টেনিস ফেডারেশনের সচিব কমলেশ মেহতা জানিয়েছেন, ‘‘ এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। অনেক দিনের পরিশ্রমের ফল পেল সকলে।’’ তিনি আরও বলেন, ‘‘ আমি কোচ ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে চাই। তাঁরাই অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করেছেন।’’ পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে দেশের হয়ে কারা প্রতিনিধিত্ব করবেন তা ১৮ জুনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন টিটিএফআই সচিব।

About Post Author