Home » East Bengal: এফসি গোয়ার বিরুদ্ধেও হার ইস্টবেঙ্গলের, আরব সাগরের পার থেকে খালি হাতেই ফিরছে লালহলুদ

East Bengal: এফসি গোয়ার বিরুদ্ধেও হার ইস্টবেঙ্গলের, আরব সাগরের পার থেকে খালি হাতেই ফিরছে লালহলুদ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ মার্চ: ডার্বির আগে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচকে পাখির চোখ করেছিলেন কার্লেস কুয়াদ্রাত। তবে জয় তো দূরের কথা নিদেন পক্ষে ১ পয়েন্টও কপালে জুটল না তার দলের। আরব সাগরের পার থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ০-১ গোলে হেরে গেল লালহলুদ ব্রিগেড। আগামী রবিবার যুবভারতীতে মেগা ডার্বি। তার আগে এই হাল দলের ফুটবলারদের উপর চাপ আরও বাড়াবে।

আরও পড়ুন: UEFA Champions League: ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

বুধবার ইস্টবেঙ্গলের খেলায় পরিকল্পনার অভাব দেখা গিয়েছে। একাধিকবার চাপের মুখে বলের দখল হারিয়েছেন সৌভিক, নন্দারা। সেই সুযোগকে ব্যবহার করল স্বাগতিকরা। যেই দলে আবার রয়েছে গত জানুয়ারিতে ইস্টবেঙ্গল থেকে লোনে যোগ দেওয়া বোরহা হেরেরা। নিজের পুরনো দলের বিরুদ্ধে এদিন দুর্দান্ত ফুটবল খেললেন এই স্প্যানিশ মিডফিল্ডার। প্রথমার্ধে সময যত গড়িয়েছে খেলার রাশ নিজেদের দখলে নিয়েছেন গোয়ার ফুটবলাররা। ম্যাচের ১২ মিনিটে পিছিয়ে পড়তে পারতে ইস্টবেঙ্গল। লালহলুদ গোলরক্ষক প্রভসুখন গিলকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন নোহা। তবে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন ৪২ মিনিটে। ইয়াসিরের বাড়ানো পাস থেকে লালহলুদ গোলরক্ষককে পরাস্ত করেন মরক্কোর ফুটবলারটি। প্রথামার্ধে আরও ব্যবধান বাড়াতে পাড়ত ম্যানুয়েল মার্কোজের ছেলেরা। বক্সের বাইরে থেকে প্রায় একক দক্ষতায় বেশ কয়েকটি শট নিয়েছিলেন কার্লোস মার্তিনেজ। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেননি তিনি। বিরতির সময় ০-১ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: কেবল জিনিয়াসদের জন্য এই ধাঁধা, ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে হবে

দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের খেলায় সেই ধার দেখা গেলনা। ক্লেটন সিলভা, মহেশরা বিক্ষিপ্তভাবে গোলের চেষ্টা করলেও কাজে লাগেনি। দলগত বোঝাপড়ার অভাব বার বার চোখে পড়েছে। ৮৩ মিনিটে উদান্ত সিংয়েরর শট পোস্টে লেগে প্রতিহত হয়। নাহলে ২-০ ব্যবধানে এগিয়ে যেত গোয়া। এই ম্যাচে ম্যাচে হারের পর ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকায় নবম স্থানেই থেকে গেল ইস্টবেঙ্গল। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চার নম্বরে গোয়া।

About Post Author