স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ মার্চ: বল গড়ানোর আগেই মাঠের বাইরে ছড়িয়ে পড়ল ‘ডার্বি’ উত্তাপ। দীর্ঘ টালবাহানার পর আগামী ১০ মার্চ হতে চলেছে আইএসএলের ফিরতি পর্বের ডার্বি। এই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল। ম্যাচের ৭২ ঘন্টা আগে ডার্বির টিকিট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নিজেদের দলের সমর্থকদের কম দামে টিকিট দেবে আয়োজক ক্লাব। অন্যদিকে প্রতিপক্ষ মোহনবাগান সমর্থকদের জন্য একই গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে প্রায় দ্বিগুণ। এই ঘটনায় আয়োজক ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুর চড়িয়েছে মোহনবাগান।

টিকিটের দাম বৈষম্যকে ইতিহাসের লজ্জা বলে দাবি করেছে মোহনবাগান কর্তারা। ঘটনার প্রতিবাদে ডার্বি দেখতে যাবেন না বলেও জানিয়ে দিয়েছেন তারা। একটি বিবৃতিতে বলা হয়েছে, “ইস্টবেঙ্গল ক্লাব ফুটবলকে কালিমালিপ্ত করেছে। অ্যাওয়ে দলের সমর্থকদের টিকিট কিনতে হচ্ছে আয়োজক দলের সমর্থকদের থেকে প্রায় দ্বিগুণ দামে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল। কলকাতা ডার্বির ইতিহাসে লজ্জার।” পাশাপাশি বলা লেখা হয়েছে, “দুই ক্লাবের কাছেই তাদের সমর্থকেরা ভিত। ইস্টবেঙ্গলের এই ব্যবহারে ব্যথিত মোহনবাগানের সমর্থকরা। ইস্টবেঙ্গল ক্লাবের এহেন অক্রীড়াসুলভ মানসিকতাকে ধিক্কার। আমাদের সিদ্ধান্ত মোহনবাগান এই ডার্বির টিকিট কিনবেও না, বিক্রিও করবে না। ডার্বি দেখতে যাওয়া ক্লাবের পক্ষ থেকে বয়কট করা হল।”

এই ম্যাচে টিকিটের ন্যুনতম দাম রাখা হয়েছে ১০০ টাকা। সেখানে মোহনবাগান সমর্থকদের জন্য সেই দাম ২৫০ টাকা। ইস্টবেঙ্গল সমর্থকরা যেখানে এ-১ ব্লকের টিকিট কিনতে পারবেন ১৫০ টাকায়। সেই একই টিকিট সবুজমেরুণ সমর্থকদের কিনতে হবে ৩০০ টাকায়। সি-এ ব্লকের টিকিটের ক্ষেত্রেও প্রায় দেড়শো টাকা বেশি দিতে হবে মোহন সমর্থকদের। শুধু সাধারণ গ্যালারি নয় দামে বৈষম্য রয়েছে ভিআইপি বক্সের টিকিটেও। আয়োজক দলের সমর্থকরা সেই টিকিট পাবেন ১৫০০ টাকায়। আর সফরকারী দলের সমর্থকদের জন্য ভিআইপি টিকিটের দাম রাখা হয়েছে ৩০০০ টাকা।এই নিয়ে তোলপাড় কলকাতা ময়দান। টিকিটের দাম ঠিক করেছে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামি। যা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন লালহলুদ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেছেন, “বৈষম্যর বিযয়টি আমার নজরেও এসেছে। কাজটি সঠিক হয়নি। আগামী দিনে যাতে বৈষম্য না থাকে সেই চেষ্টা করব। আমি ব্যক্তিগত ভাবে ইস্টবেঙ্গল ক্লাবের থেকে দুঃখ প্রকাশ করছি।”
আরও পড়ুন: East Bengal: এফসি গোয়ার বিরুদ্ধেও হার ইস্টবেঙ্গলের, আরব সাগরের পার থেকে খালি হাতেই ফিরছে লালহলুদ
যদিও বিনিয়োগকারী সংস্থার দাবি, আন্তর্জাতিক ফুটবলেও টিকিটের দামে বৈষম্য থাকে। সেই দাবিকে যদিও উড়িয়ে দিয়েছে মোহনবাগান কর্তারা। সবমিলিয়ে টিকিট নিয়ে দুই দলের কাজিয়া কোথায় গিয়ে শেষ হয় সেটাই এখন দেখার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার