Home » সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, অবশেষে শাহজাহানকে হাতে পেল সিবিআই

সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, অবশেষে শাহজাহানকে হাতে পেল সিবিআই

সময় কলকাতা ডেস্ক, ৭ মার্চঃ দীর্ঘ টানাপোড়েনের অবসান। শেষমেশ শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। বুধবার সন্ধ্যা প্রায় পৌনে সাতটা নাগাদ বহু টানাপড়েন শেষে আদালতের নির্দেশে সন্দেশখালিকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ শাহজাহানকে হাতে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেখ শাহজাহানের ঠিকানা আপাতত নিজাম প্যালেস। সন্দেশখালি মামলায় মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সন্দেশখালিকাণ্ডের তদন্ত করবে সিবিআই। একইসঙ্গে ধৃত শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু, শাহজাহান মামলায় হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল সরকার। এরপর বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। অর্থাৎ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে আর বাধা নেই সিবিআইয়ের।

আরও পড়ুন  আলিপুরদুয়ার : ছলনাকারীকে আশীর্বাদ নয়, ক্ষমতা থাকলে জিতে দেখাক, মনোজ টিজ্ঞার উপরে খড়্গহস্ত জন বারলা

প্রসঙ্গত, মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ধৃত শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার রাতেই ভবানী ভবনে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও শেখ শাহজাহানকে হেফাজতে নিতে পারেনি সিবিআই। এদিন সন্ধে সাতটা পর্যন্ত অপেক্ষা করলেও সন্দেশখালির শাহজাহানকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়নি সিআইডি। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করার অভিযোগ ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। তাদের দাবি, আদালতের নির্দেশ মেনে শাহজাহানকে হেফাজতে নিতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে।

উল্লেখ্য, সন্দেশখালিকাণ্ডে বেতাজ বাদশা শেখ শাহজাহান গ্রেফতার হতেই জেরায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিল সে। রাজ্য পুলিশ আদালতে সেই নথিও জমা দিয়েছিল। আদালতে জমা পুলিশের নথিতে শাহজাহানের স্বীকারোক্তির উল্লেখ ছিল। ইতিমধ্যেই পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক প্রমাণ পেয়েছে। পুলিশ শাহজাহানের জামিনের তীব্র বিরোধিতা করা হয়েছে। পুলিশের কাছে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের দেওয়া জবানবন্দি অনুযায়ী, ৫ জানুয়ারি, অর্থাৎ যেদিন রেশন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন, সেদিন ভয় পেয়ে গিয়েছিলেন শেখ শাহজাহান। ইডি আধিকারিকরা সিআরপিএফ জওয়ান নিয়ে যাওয়ার পর তাঁর মনে হয়েছিল, ইডি তাঁকে গ্রেফতার করতে পারে। ইডি-র হাতে গ্রেফতারির আশঙ্কায় তিনি অনুগামীদের হামলার নির্দেশ দিয়েছিলেন। এমনকী তাঁদের জিনিসপত্রও লুঠের নির্দেশ দিয়েছিলেন বলে পুলিশি জেরায় শেখ শাহজাহান স্বীকার করে নিয়েছেন। ইতিমধ্যেই সন্দেশখালিকাণ্ডের মূল মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের বিরুদ্ধে ১১টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার মধ্যে যেমন রয়েছে জামিন অযোগ্য ধারা, তেমনই রয়েছে মানবপাচার ও দেহব্যবসার মতো গুরুতর অভিযোগ।

About Post Author