Home » Liverpool vs Manchester City: অমীমাংসিত লিভারপুল-ম্যানচেস্টার সিটি ম্যাচ, প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল

Liverpool vs Manchester City: অমীমাংসিত লিভারপুল-ম্যানচেস্টার সিটি ম্যাচ, প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ মার্চ: প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই জমে উঠেছে। প্রতিযোগিতা চলছে তিন দলের মধ্যে। শনিবার ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ শীর্ষে পৌঁছে গিয়েছিল আর্সেনাল। রবিবার লিভারপুল ও ম্যানচেস্টার সিটি ম্যাচের দিকে নজর ছিল সকলের। এই ম্যাচে জিতলে দুটি দলের কাছে সুযোগ ছিল আর্সেনালকে টপকে যাওয়ার। কিন্তু পারল না তারা। দুই দলের খেলা শেষ হল অমীমাংসিত ফলাফলে। তার ফলে দুই দলকেই মাঠ ছাড়তে হল ১ পয়েন্ট পেয়ে। পয়েন্ট তালিকায় আর্সেনালকে ছুঁতে পারলেও গোল পার্থক্যে পিছিয়ে লিভারপুল (Liverpool)। অন্যদিকে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে ম্যান সিটি (Manchester City)।

খেলার শুরু থেকে দাপট বেশি ছিল লিভারপুলের। বলের দখল থেকে শুরু করে সুযোগ তৈরি করা, সব ক্ষেত্রেই টেক্কা দিচ্ছিল য়ুর্গেন ক্লপের ছেলেরা। কিন্তু প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারছিল  না তারা। উল্টোদিকে খেলার গতির বিপরীতে পিছিয়ে পড়ে লাল-ব্রিগেড। ২৩ মিনিটে সিটির হয়ে গোল করেন জন স্টোনস। তবে গোল হদম করেও দমে যায়নি লিভারপুল। সিটি রক্ষণে চাপ বাড়াতে থাকেন মহম্মদ সালাহ্‌, ডারউইন নুনেজরা। নিজেদের ঘরের মাঠে ম্যাচ হওয়ার তাঁদের সমর্থনও অনেক বেশি ছিল। তবে সমর্থকদের আশাপূরণে সফল হয়নি ক্লপ ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে লিভারপুল। বক্সের মধ্যে নাথান আকের ভুল পাসের সুযোগ নিয়ে সিটির বক্সে ঢুকে পড়েন নুনেজ। তাকে রুখতে ফাউল করতে হয় গোলরক্ষক এডেরসনকে। পেনাল্টি পায় লিভারপুল। গোল করতে ভুল করেননি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। খেলা ১-১ হয়ে যায়।

খেলায় সমতা ফেরার পর দুটি দলই আক্রমণ প্রতিআক্রমণে বিপক্ষের উপর চাপ বাড়াতে থাকে। বক্স থেকে বক্সে আক্রমণ হচ্ছিল। চ্যাম্পিয়নের দৌড়ে থাকা দুটি দলই জয়ের জন্য ঝাঁপায়। শেষ দিকে বক্সের মধ্যে ভাল বল পান ম্যাক অ্যালিস্টার। কিন্তু গোলে মারতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে সংখ্যার বিচারে সিটিজেনদের টেক্কা দেয় লিভারপুল। দ্বিতীয়ার্ধে ১৩টি শট মারে তারা। সেখানে সিটি মারে তিনটি শট। সিটির ফুটবলার জেরেমি ডোকুর শট পোস্টে প্রতিহত না হলে এগিয়ে যেতে পারত সিটিজেনরা।

আরও পড়ুন: Kolkata Derby: ইস্টবেঙ্গলকে দুরমুশ করে যুবভারতীতে মোহনবাগানের জনগর্জন

দ্বিতীয়ার্ধে ৮ মিনিট সংযুক্তি সময় দেন রেফারি। কিন্তু তাতেও কোনও দলই গোল করতে পারেনি। খেলা শেষ হয় ১-১ গোলে। ২৮ ম্যাচে শেষে ৬৪ পয়েন্টে দুনম্বরে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে পিছিয়ে তারা। ২৮ ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির পয়েন্ট ৬৩।

About Post Author