Home » রুদ্ধশ্বাস ম্যাচে লিভারপুলকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

রুদ্ধশ্বাস ম্যাচে লিভারপুলকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ মার্চ: এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে রবিবাসরীয় কোয়ার্টার ফাইনালে তারা হারিয়ে দিল চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলকে। সাত গোলের থ্রিলার ম্যাচে টেন হ্যাগের দল জিতল ৪-৩ গোলে। সংযুক্তি সময়ের জোড়া গোলে জয় নিশ্চিত করে রেড ডেভিলরা।

আরও পড়ুন  Emirates FA Cup: সিলভার জোড়া গোলে টানা ষষ্ঠবার এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি

ঘরের মাঠে নির্ধারিত সময় খেলার ফল ছিল ২-২। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকেই দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়। আক্রমণ প্রতি আক্রমণে এক দল অন্য দলের উপর আধিপত্য বিস্তার করতে চেষ্টা করে। প্রথম সাত মিনিটেই একটি করে গোলের সহজ সুযোগ তৈরি করে ফেলেছিল তারা। তবে কাজে লাগাতে পারেনি। যদিও ঘরের মাঠে প্রথম গোলের খাতা খোলে ইউনাইটেডই। দশ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন স্কট ম্যাকটমিনে। সেই গোল ৪৪ মিনিটে শোধ করে লিভারপুল। অল রেডদের হয়ে সমতাসূচক গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তার ঠিক তিন মিনিটের মধ্যে লিভারপুলকে এগিয়ে দেন মহম্মদ সালাহ। এই নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ৫ ম্যাচে ৮ গোল করে ফেললেন মিশরের তারকা ফুটবলার। প্রথমার্ধে আরও গোলের সুযোগ তৈরি করেছিল দুটি দল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। 


দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপায় ইউনাইটেড। আক্রমণে ঝাঁঝ বাড়ায় এরিক টেন হ্যাগের দল। পাল্টা ব্যবধান বাড়ানোর চেষ্টা চালাতে থাকে য়ুর্গেন ক্লপের ছেলেরাও। কিন্ত্ত স্বাগতিকদের গোল পোস্টের তলায় অনবদ্য খেলেন আন্দ্রে ওনানা। কয়েকবার দলকে নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা করেন তিনি। লিভারপুলের গোলরক্ষকও কয়েকটি ভালো সেভ করেন। তবে ৮৭ মিনিটে ১৮০ ডিগ্রি টার্ন করে নেওয়া অ্যান্টনির শটে তিনি পরাস্ত হন। যখন মনে হচ্ছিল নির্ধারিত সময়ে খেলার ফয়সলা হয়ে যাবে তখন দলের হয়ে সমতা ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দল। দ্বিতীয়ার্ধে গোল পেয়ে যায় লিভারপুল। হার্ভে এলিয়টের নেওয়া শট ম্যাগুয়েরের পায়ে লেগে জড়িয়ে যায় জালে। আবার পিছিয়ে পড়ে ইউনাইটেড। পিছিয়ে পড়ে খেলায় প্রত্যাবর্তন অতীতে বহুবার করেছে রেড ডেভিলরা। রবিবার আরও একবার করে দেখাল। ১১২ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান মার্কোস রাশফোর্ড। যখন সবাই প্রায় ধরেই নিয়েছিল খেলা গড়াবে টাইব্রেকারে। তখন দুরন্ত গোল করে দলকে জয় এনে দেন আমাদ ডিয়ালো। সেই গোল শোধ করার সুযোগ পায়নি লিভারপুল। এই নিয়ে মোট ১১ বার এই প্রতিযোগিতা থেকে তাদের বিদায় নিতে হল তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে হেরে। প্রতিযোগিতার ইতিহাসে এই নজির আর কোনও দলের নেই।

#ManchesterUnited

#sports

#FACup

#Liverpool

About Post Author