স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ মার্চ: শুরু হয়ে গিয়েছে আসন্ন আইপিএলের কাউন্টডাউন। দু’রাত পোহালেই মরশুমের প্রথম ম্যাচ। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেন গার্ডেনে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে প্রস্তুতিতে ঝড় তুলেছে নাইট শিবির। মঙ্গলবার নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলল গৌতম গম্ভীরের দল। সেই ম্যাচেই ব্যাটে ঝড় তুললেন নাইটদের গত মরশুমের আবিষ্কার রিঙ্কু সিং। রিঙ্কুর বিধ্বংসী ব্যাটিংয়ের হাত থেকে রেহাই পেলেন না প্রতিযোগিতার ইতিহাসে সব থেকে মূল্যবান ক্রিকেটার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী পেসারের ইয়র্কারকে অনায়াসে মাঠের বাইরে পাঠালেন রিঙ্কু।

মঙ্গলবার নাইটের অন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচে নজর ছিল সমর্থকদের। দলে যোগ দিয়ে এই ম্যাচে মাঠে নেমেছিলেন মিচেল স্টার্ক। যাকে রেকর্ড প্রায় ২৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে নাইট শিবির। দীর্ঘ ন’বছর পর আইপিএলে তার প্রত্যাবর্তন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল নাইট সমর্থকরা। তবে প্রস্তুতি ম্যাচে সেভাবে দাগ কাটতে ব্যর্থ অস্ট্রেলিয়ার পেসার। সৌজন্যে রিঙ্কু সিং। গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে ইডেনে বল হাতে ঝড় তুলেছিলেন স্টার্ক। তার দাপুটে বোলিংয়ে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়ের স্বপ্ন। প্রস্তুতি ম্যাচের প্রথম ওভারে ১ রান দিলেন স্টার্ক। তার বাঁক খাওয়ানো বলের উত্তর দিতে না পেরে শূন্য রানে ফেরেন রহমাতুল্লাহ গুরবাজ। দ্বিতীয় ওভারে স্টার্ক দুটি চার হজম করলেও খারাপ বল করেননি। তবে শেষ দু’ওভারে স্টার্কের উপর দাপট দেখান রিঙ্কু সিং। শেষ ওভারে ২০ রান হজম করতে হয় অজি পেসারকে। দুটি ছক্কা হাঁকান রিঙ্কু। একটি ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রিঙ্কুকে ইয়র্কার দিতে যান স্টার্ক। সেই ইয়র্কারকে ফুলটস বানিয়ে মাঠের বাইরে পাঠান ভারতীয় ব্যাটার। যা দেখে প্রতিযোগিতা শুরুর আগে হাসি চওড়া হচ্ছে নাইট সমর্থকদের।
Rinku Singh smashed a SIX to Mitchell Starc ????????
This is Cinema!! pic.twitter.com/zQNhfPrqSR
— कट्टर KKR समर्थक ???????????? ™ (@KKRWeRule) March 19, 2024
আরও পড়ুন: IPL 2024: আইপিএল শুরুর বাকি মাত্র ২ দিন, দলের নেতা বেছে নিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল
রিঙ্কু, স্টার্কের পাশাপাশি নাইট সমর্থকদের নজরে ছিল অধিনায়ক শ্রেয়সের দিকে।চোট সারিয়ে এই মরশুমে তিনি দলে প্রত্যাবর্তন করেছেন।তবে প্রস্তুতি ম্যাচে তিনি ব্যাট করেননি।তাকে দেখা যায় দীর্ঘক্ষণ দলের মেন্টর গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও সহ-অধিনায়ক নীতিশ রানার সঙ্গে বৈঠক করতে। সব মিলিয়ে মাঠে নামার আগে চাঙ্গা নাইট শিবির। তার উপর জল্পনা চলছে, নবাবের শহরের দলের বিরুদ্ধে মাঠে নামার দিন মাঠে উপস্থিত থাকতে পারেন দলের মালিক শাহরুখ খান। যা দলকে মাঠে নামার আগে বাড়তি অক্সিজেন দেবে বলেই বিশ্বাস ক্রিকেট মহলের।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত