সময় কলকাতা ডেস্ক, ২৬ মার্চঃ বড়সড় সেতু বিপর্যয় আমেরিকায়। পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু। জানা গিয়েছে, আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোর শহরের এক সেতুতে সজোরে ধাক্কা মারে একটি মালবাহী জাহাজ। এরপরই বাল্টিমোরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটা বড় অংশ ভেঙে পড়েছে। সোমবার রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সূত্র মারফত জানা গিয়েছে, ব্রিজটি ভেঙে পড়ার সময়ে তার ওপর দিয়ে একাধিক গাড়ি যাতায়াত করছিল। যার কারণে বেশ কয়েকটি গাড়ি ও বহু মানুষ নীচে প্যাটাপসকো নদীতে পড়ে যান। বহু মানুষকে জলের ভেসে থাকতেও দেখা গেছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মার্কিন কোস্ট গার্ড বাহিনীও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। অন্যদিকে, ঘটনার পর থেকেই সেতুর উপরে দুই দিকের সব লেনেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে, সেতুর নীচ দিয়ে জলযান চলাচলও। প্যাটাপসকো নদীর সমস্ত জাহাজ, স্টিমার নৌকাকে অন্যপথে ঘুরিয়ে দিয়েছে মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি।
ইতিমধ্যেই সেতু বিপর্যয়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, জাহাজটি সেতুটির একটি ভিতে ধাক্কা মারছে। সঙ্গে সঙ্গেই আগুনের গোলা দেখা যায়। তারপরই তিন থেকে চার টুকরো হয়ে ভেঙে পড়ছে সেতুটি। জানা গিয়েছে, প্যাটাপসকো নদীর উপর তৈরি এই বাল্টিমোর সেতু ১.৬ মাইল দীর্ঘ। বাল্টিমোর বন্দরের বাইরের ক্রসিং এবং ইন্টারস্টেট-৬৯৫ রোড বা বাল্টিমোর বেল্টওয়ের যোগসূত্র এই সেতু। একেক দিকে ৪ লেনে গাড়ি যাতায়াত করে।


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!