Home » IPL 2024: রচিন-শিবমের ব্যাটিং দাপট, গুজরাটকে হারিয়ে লিগ শীর্ষে চেন্নাই

IPL 2024: রচিন-শিবমের ব্যাটিং দাপট, গুজরাটকে হারিয়ে লিগ শীর্ষে চেন্নাই

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ মার্চ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে হলুদ ঝড় অব্যাহত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর এবার গুজরাট টাইটান্সকেও হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার চিপকে মহেন্দ্র সিং ধোনির দল জয় পেয়েছে ৬৩ রানে। প্রথমে ব্যাট করে গুজরাটের সামনে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট ২০৬ রান তোলে সিএসকে। জবাবে গুজরাটের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে।

গতবারের আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হার্দিকের গুজরাটকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। এই মরশুমে দুই দলেই নেতা বদল হয়েছে। হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সে চলে যাওয়ায় গুজরাটকে নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি দলে থাকলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে চেন্নাইয়ের নেতৃত্ব ভার তুলে দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াডের হাতে। কিন্তু আইপিএলে অন্যতম সেরা দুই দলের লড়াই নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা বিন্দুমাত্র কমেনি। সেই আবহেই মঙ্গলবার গুজরাটের সামনে সুযোগ ছিল গতবারের ফাইনালে হারের হিসেব বুঝে নেওয়ার।

এ দিন টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠায় গুজরাট। সেই সিদ্ধান্তই বুমেরাং হয়। ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সুযোগকে কাজে লাগান চেন্নাই ব্যাটাররা। আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু কেরেন তাদের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড ও রচিন রবীন্দ্র। প্রথম উইকেটেই ৬২ রানের জুটি গড়েন দু’জনে। গত বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের আবিষ্কার রচিন খেলেন ২০ বলে ৪৬ রানের দাপুটে ইনিংস খেলেন তিনি।তার ব্যাট থেকে আসে ৬ টি চার ও ৩ টি ছয়। কিন্তু অর্ধশতরানের মুখে এসে বড় শট খেলতে গিয়ে আউট হন কিউয়ি ব্যাটার। তাকে আউট করে চেন্নাই ইনিংসে প্রথম ধাক্কা দেন রশিদ খান। অন্যদিকে পিছিয়ে ছিলেন না রুতুরাজ গায়কোয়াডও। চেন্নাইয়ের নতুন অধিনায়ক করেন ৩৬ বলে ৪৬ রান। তবে এ দিন রান পেলেন না দলের অভিজ্ঞ তারকা অজিঙ্ক রাহানে। ১২ বলে ১২ রান করে আউট হন তিনি। চার নম্বরে নেমে দলের রান বাড়াতে থাকেন শিবম দুবে। ২৩ বলে ৫১ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি। ২ টি চার ও ৫ টি ছয়ে নিজের ইনিংস সাজান শিবম। তাকে যোগ্য সঙ্গ দেন ড্যারিল মিচেল। ২০ বলে ২৪ রান করেন এই কিউয়ি ব্যাটার। শেষ দিকে নেমে রশিদ খানের এক ওভারে দুটি ছয় মেরে নজর কাড়লেন আইপিএলে অভিষেক হওয়া সমীর রিজভি। গুজরাটের বোলারদের মধ্যে রশিদ খান ২ টি উইকেট নিলেও হজম করলেন ৪৯ রান। বাকি বোলারদের ক্লাব পর্যায়ে নামিয়ে আনলেন রচিন, শিবম দুবেরা।

আরও পড়ুন: Indian Football Team: ঘরের মাঠে এগিয়ে গিয়েও দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে হার ভারতের

গুজরাটকে ২০৭ রানের লক্ষ্যমাত্রা দেয় চেন্নাই। রান তাড়া করতে নেমে দ্রুত অধিনায়ক গিলের উইকেট হারায় তারা। ৮ রান করে দীপক চাহারের বলে আউট হন গিল। অন্য ওপেনার ঋদ্ধিমান সাহা ইতিবাচক শুরু করেও বড় রান পেলেন না। ১৭ বলে ২১ রানে আউট হন ঋদ্ধি। তিন নম্বরে নেমে কিছুটা লড়াই করেন সাই সুদর্শন। ৩১ বলে ৩৭ রান করেন তিনি। চেন্নাইয়ের বোলারদের দাপটে গুজরাটের মিডল অর্ডারে বড় রান পাননি কোনও ব্যাটার। বিজয় শঙ্কর ফেরেন ১২ রানে। ডেভিড মিলার করেন ১৬ বলে ২১ রান। আজমাতুল্লাহ ওমরজাই করেন ১০ বলে ১১ রান। বড় রান তাড়া করার জন্য যে জুটির দরকার ছিল সেটাই তৈরি হল না গুজরাটের মিডল অর্ডারে। নির্ধারিত ২০ ওভারে গুজরাটের ইনিংস থামে ১৪৩ রানে। চেন্নাইয়ের হয়ে ২ টি করে উইকেট পেয়েছেন দীপক চাহার, মুস্তাফিজুর রহমান ও তুষার দেশপাণ্ডে। ১ টি করে উইকেট গিয়েছে মাথিশা পাথিরানা ও ড্যারিল মিচেলের ঝুলিতে।

About Post Author