সময় কলকাতা ডেস্ক, ৩১ মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারীর প্রতিবাদ। রবিবার দিল্লির রামলীলা ময়দানে মেগা সমাবেশের ডাক দিয়েছিল বিরোধী ইন্ডিয়া জোট। যার প্রতীকি নাম দেওয়া হয় ‘লোকতন্ত্র বাঁচাও’ সমাবেশ। গোটা দেশের বিজেপি বিরোধী প্রায় সব রাজনৈতিক দল এই সমাবেশে যোগ দেয়। সমাবেশের মঞ্চ থেকে বক্তব্য রাখেন বিভিন্ন দলের একাধিক হেভিওয়েট নেতারা। তবে সবার চোখ ছিল সর্বভারতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধির দিকে। দেশে বিজেপি-আরএসএস বিরোধী মুখগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছেন তিনি। এ দিনও সভামঞ্চ থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানালেন রাহুল।

আসন্ন লোকসভা নির্বাচনে দেশজুড়ে ৪০০ আসন জয়ের ডাক দিয়েছে বিজেপি। কেন্দ্রের শাসক দলের এই স্লোগানকে হাতিয়ার করে সুর চড়ালেন রাহুল গান্ধি। তিনি বলেন, ‘IPL-এর মরশুম চলছে। আপনারা ম্যাচ ফিক্সিং শব্দটা জানেন তো! যখন অন্যায়ের আশ্রয় নিয়ে আম্পায়ারের উপর চাপ সৃষ্টি করা হয়। বিপক্ষের খেলোয়াড়কে কিনে নেওয়া হয়। ম্যাচ জিততে অধিনায়ককে ভয় দেখানো হয়। ক্রিকেটের পরিভাষায় তাকে বলা হয় ম্যাচ ফিক্সিং। লোকসভা নির্বাচনের আগেও ম্যাচ ফিক্সিং চলছে। উনিই (নরেন্দ্র মোদি) আম্পায়ার বেছে নিয়েছেন। ম্যাচ শুরুর আগেই আমাদের দলের দুই খেলোয়াড়কে গ্রেফতার করে জেলবন্দী করা হয়েছে। পাশাপাশি রাহুল আরও বলেন, “বিজেপি ৪০০ আসন জয়ের লক্ষ্যমাত্রা বেছে নিয়েছে। কিন্তু ম্যাচ ফিক্সিং, ইভিএম, সোশ্যাল মিডিয়া না থাকলে ওরা ১৮০ আসনও পাবে না।”
#WATCH | Delhi: Addressing the INDIA alliance rally in Ramlila Maidan, Congress MP Rahul Gandhi says, "… If BJP wins these fixed elections, and changes the Constitution, the country will be on fire. Remember this." pic.twitter.com/1H85bUdBMN
— ANI (@ANI) March 31, 2024
নির্বাচনের আসন বন্টন নিয়ে বিরোধী জোটের মধ্যে জট এখনও কাটেনি। তার মধ্যে রবিবার অন্য রকম মুহূর্তের সাক্ষী থাকল দিল্লির রামলীলা ময়দান। এদিনের সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, মহারাষ্ট্রেক প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-সহ বিরোধী দলের হেভিওয়েট নেতানেত্রীরা। এছাড়াও উপস্থিত ছিলেন আবগারী দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। সভামঞ্চ থেকে স্বামীর পাঠানো বার্তা পড়ে শোনালেন অরবিন্দ-জায়া। সেই সভা থেকেই কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?