সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ: আসন্ন লোকসভা প্রচার শুরু করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নদিয়ার কৃষ্ণনগরে দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে জনসভা করেন তিনি। একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণের পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতার বিরুদ্ধেও সরব হয়েছেন মমতা। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনের সময় ইডি-সিবিআইয়ের ডাককে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর প্রথম প্রচারে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় চোট পাওয়ার পর বেশ কিছুদিন ব্যান্ডেজ মাথায় দেখা গিয়েছিল তাকে। তবে প্রচার থেকে দূরেই ছিলেন তৃণমূল নেত্রী। রবিবার ব্যান্ডে়জ ছাড়াই নদিয়ার কৃষ্ণনগরে দলীয় প্রার্থী মহুয়ার সমর্থনে ভোট প্রচারে দেখা গেল তাকে। গরমকে উপেক্ষা করে প্রায় ৪৫ মিনিট বক্তব্য রাখেন। একের পর এক বাক্য বাণে বিদ্ধ করেন কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেও ঝাঁঝালো সুর শোনা গিয়েছে তার গলায়। কিছুদিন আগেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একাধিক বাসভবনে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থাগুলি। সভা মঞ্চে মহুয়ার উপস্থিতিতে সেপ্রসঙ্গ তুলে মমতা বলেন, “লোকসভা থেকে তাড়িয়েও শান্তি হয়নি। তল্লাশির নামে ইডি-সিবিআই দিয়ে মহুয়ার বৃদ্ধ বাবা মা কেও হেনস্থা করছে।” একই সঙ্গে জুড়ে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে টানা সাড়ে তিন দিন আয়কর বিভাগের হানা প্রসঙ্গও। দলের নেতা-কর্মীদের জনসভা থেকে সাফ বার্তা দেন মুখ্যমন্ত্রী, “অত ভয় পাওয়ার কোনও কারণ নেই। ইডি-সিবিআই নোটিস পাঠালে জবাব দিয়ে দিন, ভোটের কাজে ব্যস্ত রয়েছি যেতে পারবেন না। ভোটের পর দেখা যাবে।” ভোটের নির্ঘন্ট প্রকাশের পর কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মমতা। তিনি আরও বলেন, তল্লাশির নামে রাজনৈতিক চক্রান্ত করছে কেন্দ্রের শাসক দল।

কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণের সময় আবগারী দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি মিথ্যা মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। কিন্তু এর পরেও ওর কাজ বিজেপি আটকাতে পারবেনা।” বিজেপিকে ওয়াশিং মেশিনের সঙ্গে তুলনা করেছেন তৃণমূল নেত্রী বলেন, “বিজেপি মানে কী? এটা হল ওয়াশিং মেশিন ভাজপা। সেই ওয়াশিং মেশিনে গিয়ে এক প্যাটেল দুর্নীতিমুক্ত।” প্রসঙ্গত, সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন গুজরাটের প্রাক্তন কংগ্রেস বিধায়ক চিরাগ প্যাটেল। যার বিরুদ্ধে বিজেপি একটা সময় একাধিক দূর্নীতির অভিযোগ তুলেছিল। কৃষ্ণনগরের জনসভা থেকে সেই প্রসঙ্গও তুলে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।


More Stories
বিপাকে প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইঞা!
আগের সরকারের সবকিছুতেই ফুলস্টপ নয়, বললেন শিক্ষামন্ত্রী
আইনি জটিলতা কাটাতে এনসিপিআই-এ মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা