Home » English Premier League: প্রিমিয়ার লিগে পয়েন্ট নষ্ট চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের

English Premier League: প্রিমিয়ার লিগে পয়েন্ট নষ্ট চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ মার্চ: প্রিমিয়ার লিগে আবার পয়েন্ট খোয়ালো চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ঘরের মাঠে বার্নলির বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ শেষ করল মরিসিও পচেত্তিনোর ছেলেরা। লিগের অন্য একটি ম্যাচে আটকে গেল ম্যানচেস্টার ইউনাইটেডও। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময় গোলের খাতা খুলেও ধরে রাখতে ব্যর্থ এরিক টেন হ্যাগের ছেলেরা। ফলে ১ পয়েন্ট পেয়েই মাঠ ছাড়তে হল তাদের।

চলতি মরশুমে প্রিমিয়ার লিগ প্রায় শেষ ধাপে। প্রত্যেক দলের হাতে রয়েছে আর আট থেকে দশটি ম্যাচ। কিন্তু এখনও ধারাবাহিকতার অভাবে ভুগছে চেলসি। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে বার্নলির বিরুদ্ধেও জয় তুলে আনতে ব্যর্থ দ্যা ব্লু’জরা। অথচ ম্যাচের ৪০ মিনিটে বিপক্ষের একজন ফুটবলার দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজনের প্রতিপক্ষকে পেয়েও বাগে আনতে পারেনি চেলসি। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন কোল পালমার। দ্বিতীয়র্ধের শুরুতেই সেই গোল শোধ করে দেন বার্নলির জোস কুলেন। ম্যাচের ৭৮ মিনিটে ফের এগিয়ে যায় চেলসি। ফের গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন কোল পালমার। যদিও সেই গোলর উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি চেলসি সমর্থকদের। ৮১ মিনিটে সফরকারী দলের হয়ে সমতা ফেরান দারা ও’শিয়ে। বাকি সময় আর গোল করতে পারেনি কোনও দল।  এই ড্রয়ের ফলে ২৮ ম্যাচে ৪০ পয়েন্ট পেয়ে লিগ তালিকার একাদশ স্থানে রইল চেলসি।

আরও পড়ুন: IPL 2024 নায়ক নবাগত মায়াঙ্ক যাদব, লখনউ জিতল ২১ রানে

লিগের অন্য একটি ম্যাচে আটকে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ব্রেন্টফোর্ডের ঘরের মাঠে শুরু থেকেই চাপে ছিল রেড ডেভিলরা। লিগ তালিকার তলানিতে থাকা ব্রেন্টফোর্ড ম্যাচের শুরু থেকে বেগ দিতে শুরু করে। প্রথমার্ধে তাদের দুটি শট পোস্টে লেগে না ফিরলে বিপদ বাড়তে পারত ইউনাইটেডের। বিরতির আগে ১৪ টি গোলের সুযোগ তৈরি করে ব্রেন্টফোর্ড। কিন্তু একটিও সুযোগ কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ইউনাইটেড। তবে তারাও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল গোলশূন্য। তবে নাটকের তখনও বাকি ছিল। সংযুক্তি সময়ের ছ’মিনিটের মাথায় গোল করে ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন ম্যাসন মাউন্ট। কিন্তু সেই গোলও ধরে রাখতে পারেনি এরিক টেন হ্যাগের দল। সংযুক্তি সময়ের নবম মিনিটে গোল শোধ করে ব্রেন্টফোর্ড। তাদের হয়ে সমতাসূচক গোলটি করেন ক্রিস্টোফার আজে। ফলে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় লাল দৈত্যদের। এই ড্রয়ের ফলে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে ইউনাইটেড। অন্যদিকে ৩০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে ব্রেন্টফোর্ড। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্টে শীর্ষে আর্সেনাল। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে লিভারপুল।

About Post Author