Home » ধোনির চেন্নাইয়ের কাছে ২০ রানে হারল পান্ডিয়ার মুম্বাই

ধোনির চেন্নাইয়ের কাছে ২০ রানে হারল পান্ডিয়ার মুম্বাই

সময় কলকাতা ডেস্ক, ১৪ এপ্রিল :  বয়স সত্যিই একটা সংখ্যা মাত্র। অন্তত মহেন্দ্র সিংহ ধোনির কাছে। তিনি চাইলে পাথরকে সোনা করতে পারেন। ওয়াঙ্খেড়ের রবিবাসরীয় সন্ধ্যাকে তিনি উপভোগ্য করে তুললেন মাত্র চারটি বলের ইনিংসে। অন্যদিকে হেরে গেলেন, যেন এদিন হারিয়েও গেলেন হার্দিক।রোহিত শর্মার  ৬৩ বলে ১০৫ অপরাজিত রানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও তাই মুখ থুবড়ে পড়ল মুম্বাই ইন্ডিয়ান্স।

চেন্নাই এর কাছে মুম্বাইকে হার মানতে হল কুড়ি রানে।২০৭ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৪ ওভার পর্যন্ত উত্তেজনা থাকলেও তারপরে ম্যাচ চলে যায় চেন্নাইয়ের হাতে। হার্দিক নামক মনোবলের দিক থেকে ধ্বংসপ্রাপ্ত সেনাপতির আত্ম সমর্পণের মধ্যে দিয়েই হার মানে মুম্বাই। ১৮৬ রান  করেই থেমে যেতে হয় মুম্বাইকে।

আদতে এদিনের হার রোহিতের ছিল না, হার ছিল হার্দিকের যিনি দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ায় চাপে পড়ছেন। ধোনি যখন তার বলে ছক্কার হ্যাটট্রিক করছেন হার্দিকের ঘরের মাঠে তখন মুম্বাইয়ের দর্শকরা উৎফুল্ল হচ্ছেন। ধোনির প্রতি ভালোবাসায় যত না, তারচেয়ে বেশি রোহিত শর্মার প্রতি সহমর্মিতায় এবং হার্দিকের প্রতি বিতৃষ্ণায়। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট  সম্ভবত বড় ভুল করেছেন  রোহিত কে অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্তে। হার্দিকের ভুল, অধিনায়ক  না হয়ে মুম্বাই দলে ফিরব না -এই শর্ত মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকপক্ষর ওপরে আরোপ করা । একটি সিদ্ধান্তের ফলশ্রুতি রোহিতপ্রেমী দর্শকদের বিদ্রুপ কুড়িয়ে  নিজের চাপ বাড়িয়ে চলেছেন হার্দিক যা তাঁর নিজের পারফরমেন্সে প্রভাব ফেলছে, প্রভাব ফেলছে  দলে। এদিন বল হাতে ধোনির হাতে টানা তিনটি ছয় খাওয়ার পরে ব্যাট হাতে ছয় বলে করলেন ২ রান। ওখানেই খেলা শেষ। ধোনির হাতে গড়া চেন্নাইয়ে রুতরাজ গাইকোয়াড় অধিনায়ক হয়ে টস করতে যেতে পারেন, তাঁকে অধিনায়ক বলা হতে পারে, কিন্তু ধোনির উপস্থিতিতে তিনি নাটকের স্রেফ একটি চরিত্র। রাজা একজনই, তাঁর নাম মহেন্দ্র সিংহ ধোনি। রোহিতের উজ্জ্বল উপস্থিতির মধ্যেও তিনি চূর্ণ করলেন মুম্বাইকে, শিবম দুবের ৩৮ বলে ৬৬, গাইকোয়াড়ের ৪০ বলে ৬৯ – সবকিছুই তাই বিবর্ণ লাগে ধোনির করা ৪ বলে ২০ রানের কাছে। ম্যান অফ দ্যা ম্যাচ পাথিরানাকে করা হলেও খেলার টার্নিং পয়েন্ট বা নির্ণায়ক লগ্ন স্থির করে দিলেন ৪৩বছরের কিশোর মহেন্দ্র সিং ধোনি।।

আরও পড়ুন এত রাগ কেন! হার্দিককে প্রচন্ড পেটালেন ধোনি

About Post Author