Home » IPL 2024: ঘরের মাঠে শাহরুখের উপস্থিতিতে জয় নাইটদের, পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়িয়ে শ্রেয়সরা?

IPL 2024: ঘরের মাঠে শাহরুখের উপস্থিতিতে জয় নাইটদের, পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়িয়ে শ্রেয়সরা?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ এপ্রিল: নববর্ষের দিন সমর্থকদের জয় উপহার দিল কলকাতা নাইট রাইডার্স।রবিবার ইডেন গার্ডেনে লখনউ সুপার জায়ান্টকে ৮ উইকেটে হারিয়ে দিল তারা। টসে জিতে লখনউকে প্রথমে ব্যাট করতে পাঠান নাইট অধিনায়ক শ্রেয়স আয়ার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান তোলে লখনউ। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় নাইটরা। নাইটদের হয়ে গত ম্যাচগুলিতে রান না পেলেও এই ম্যাচে দুরন্ত ব্যাটিং করলেন ওপেনার ফিল সল্ট। মাঠে বসে সপরিবারে দলের জয় উপভোগ করলেন শাহরুখ খান।

দুই মরশুম আগে আইপিএলে আত্মপ্রকাশ করেছে লখনউ সুপার জায়ান্ট। তারপর থেকে নাইটরা একটি ম্যাচেও তাদের হারাতে পারেনি। রবিবার প্রথমবারের জন্য লখনউয়ের বিরুদ্ধে জয় পেল কলকাতা। ইডেনের ব্যাটিং সহায়ক পিচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আয়ার। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হল প্রথম পাওয়ার প্লে-তে। লখনউয়ের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে মাত্র ৪৯ রানে বেধে রাখলেন নাইট বোলাররা। একদিকে সুনীল নারিন যখন একের পর এক ডট বল করে চাপে রাখলেন কে এল রাহুলদের। অন্যদিকে বিপক্ষের ৩ উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। সফরকারী দলের হয়ে একজন ব্যাটারও অর্ধশতরান করতে পারলেন না। তাদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নিকোলাস পুরান। অধিনায়ক রাহুলের ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৯ রান। আয়ূশ বাদোনির ২৭ বলে ২৯ রান ছাড়া লখনউয়ের কোনও ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি।

আরও পড়ুন: ধোনির চেন্নাইয়ের কাছে ২০ রানে হারল পান্ডিয়ার মুম্বাই

রান তাড়া করতে নেমে দ্রুত সুনীল নারিন ও তরুণ অঙ্গকৃশ রঘুবংশীর উইকেট হারালেও চাপে পড়েনি নাইটরা। সৌজন্যে ফিল সল্ট। গত কয়েকটি ম্যাচে রান না পাওয়ায় তাকে দলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু এদিন তিনি প্রমাণ করে দেন কেন তাকে দলে নেওয়া হয়েছে। শামার যোশেফ, মহসিন খান, ক্রুণাল পাণ্ডিয়াদের বিরুদ্ধে দ্রুত রান তুলতে থাকেন ব্রিটিশ ব্যাটার। তাকে সঙ্গ দেন নাইট অধিনায়ক শ্রেয়স আয়ার। শেষ পর্যন্ত ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন সল্ট। তার ব্যাট থেকে আসে ১৪ টি চার ও ৩ টি ছয়। শ্রেয়স অপরাজিত থাকেন ৩৮ বলে ৩৮ রানে।

https://x.com/IPL/status/1779599025525940442

একই দিনে কলকাতা ও চেন্নাই দুটি দল জয় পেয়েছে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে দু’নম্বরে নাইটরা। তাদের নেট রানরেট ১.৬৮৮। মুম্বইকে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছেন ধোনিরা। তাদের পয়েন্ট ৬ ম্যাচে ৮। নেট রানরেট ০.৭২৬। ৬ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস।

About Post Author