Home » Bundesliga: জাভি অলন্সোর ফুটবল দর্শনে বাজিমাৎ, ইতিহাস গড়ে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন লেভারকুসেন

Bundesliga: জাভি অলন্সোর ফুটবল দর্শনে বাজিমাৎ, ইতিহাস গড়ে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন লেভারকুসেন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ এপ্রিল: জার্মানির ফুটবল লিগ বা বুন্দেশলিগা পেল নতুন চ্যাম্পিয়ান। গত এগার বছর ধরে টানা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ। সেই আধিপত্য শেষ করে এবারে লিগ জিতল বেয়ার লেভারকুসেন। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের প্রাক্তন ফুটবলার জাভি অলন্সোর প্রশিক্ষণে নতুন ইতিহাস লিখল এই ক্লাব।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: জিনিয়াসরা শুধু পেরেছেন ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

বুন্দেশলিগা শেষ হতে এখনও বাকি পাঁচ ম্যাচ। কিন্তু তার আগেই লিগের শিরোপা ঘরে তুলল বেয়ার লেভারকুসেন। রবিবার ঘরের মাঠে ওয়েডার ব্রেমেনের মুখোমুখি হয় অলন্সোর দল। সেই ম্যাচে শুধুই জিতল না, প্রতিপক্ষকে ৫-০ গোলে হারিয়ে দিল তারা। ম্যাচের ২৫ মিনিটে ভিক্টোর বোনাফাসের গোলে এগিয়ে গিয়েছিল দল। ৬০ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন গ্রানিথ হাকা।তারপর দলের হয়ে হ্যাটট্রিক করেন ফ্লোরিয়ান রিৎজ। ম্যাচের ৬৮, ৮৩ ও ৯০ মিনিটে গোল করেন জার্মানির প্রতিভাসম্পন্ন মিডফিল্ডার। লেভারকুসেনের ধ্বংসাত্মক ফুটবলের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ব্রেমেন। এই জয়ের ফলে লেভারকুসেনের পয়েন্ট দাঁড়াল ২৯ ম্যাচে ৭৯। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের পয়েন্ট সমসংখ্যক ম্যাচ খেলে ৬৩। বাকি পাঁচটি ম্যাচের মধ্যে সবগুলিতে বায়ার্ন জিতলে তাদের পয়েন্ট হবে ৭৮। তাও তারা লেভারকুসেনকে পিছনে ফেলতে পারবে না।

আরও পড়ুন: IPL 2024: ঘরের মাঠে শাহরুখের উপস্থিতিতে জয় নাইটদের, পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়িয়ে শ্রেয়সরা?

স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জাভি অলোন্সো দায়িত্ব নিয়ে দলটির খোলনলচে বদলে দিয়েছেন। লিগে ২৯ ম্যাচের মধ্যে একটি ম্যাচও তারা হারেনি। অলন্সোর দল গোল করেছে মোট ৭৪ টি। তাদের বিরুদ্ধে গোল হয়েছে মোট ১৯ টি। শুধু বুন্দেশলিগা নয় সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে মোট ৪৩ টি ম্যাচে ইউরোপের কোনও দল  লেভারকুসেনকে হারাতে পারেনি। ১৯০৪ সালে ক্লাবটি জন্ম নেওয়ার পর এই প্রথম বুন্দেশলিগা জয়ের স্বাদ পেল তারা। ১৯৯২-৯৩ সালে লিগ কাপ জিতেছিল তারা। সেটাই ছিল ক্লাবটির জেতা শেষ কোনও বড় ট্রফি। এই মরশুমে অলন্সোর হাত ধরে অসাধ্য সাধন করে দেখাল বেয়ার লেভারকুসেন। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাঁধনহারা উৎসবে মাতেন ক্লাব সমর্থক থেকে ফুটবলাররা।

About Post Author