Home » UEFA Champions League: টাইব্রেকারে নায়ক লুনিন, ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

UEFA Champions League: টাইব্রেকারে নায়ক লুনিন, ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ এপ্রিল: গতবারে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে হেরেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। এবার কোয়ার্টার ফাইনালে সেই হারের মধুর প্রতিশোধ নিল চোদ্দবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।  গতবারের চ্যাম্পিয়ন সিটিকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল তারা। ম্যাচের নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। অতিরিক্ত সময়ে ফয়সলা না হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে ম্যাচ জিতে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। জোড়া পেনাল্টি বাঁচিয়ে ম্যাচের নায়ক রিয়াল গোলরক্ষক লুনিন ।আগামী ৩০ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে কার্লে আন্সেলোত্তির ছেলেরা।

কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। ফিরতি পর্বে যে দল জিতত, তারাই পৌঁছে যেত সেমিফাইনালে। ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষকে কার্যত হুঙ্কার দিয়েছিলেন রিয়াল তারকা জুড বেলিংহাম। তিনি বলেছিলেন, “ভুলে যাবেন না আমাদের দলের নাম রিয়াল মাদ্রিদ।” তিনি যে ভুল বলেননি বোঝা গেল ম্যাচ শুরুর পর। ইতিহাড স্টেডিয়ামে ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যে গোল করে এগিয়ে যায় রিয়াল। গোল করেন ব্রাজিলিয়ান তারকা রড্রিগো। ঘরের মাঠে গোল হজম করে দমে যায়নি ম্যানচেস্টার সিটি। তারাও পাল্টা চাপ তৈরী করতে থাকে রিয়াল রক্ষণে। রিয়ালের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ৬৩ শতাংশ বল নিজেদের দখলে রাখতে সক্ষম হয় গুয়ার্দিওলার দল। মোট ৩৩ টি শট নিয়েছিলেন তারা, যার মধ্যে ৯ টি শট ছিল গোলমুখী। এই পরিসংখ্যানে কার্যত স্পষ্ট ম্যাচের রাশ ছিল ইংল্যান্ডের ক্লাবের দখলে। ম্যাচের ৭৬ মিনিটে অবশেষে সমতাসূচক গোলের দেখা পায় সিটিজেনরা। রিয়ালের ফুটবলার রুডিগারের ভুলে গোলটি করেন কেভিন ডি ব্রুইনা। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল ছিল ১-১। দুই পর্ব মিলিয়ে খেলার ফল ৪-৪। অতিরিক্ত সময়েও ম্যাচের ফয়সলা না হলে খেলা গড়ায় টাইব্রেকারে।

আরও পড়ুন: UEFA Champions League: বার্সেলোনাকে ন্যু ক্যাম্পে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে প্যারিস সাঁ জাঁ

টাইব্রেকারে প্রথম শটেই হোঁচট খায় রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচের শট বাঁচিয়ে দেন সিটি গোলরক্ষক এডেরসন। কিন্তু স্বাগতিকদের হয়ে দ্বিতীয় ও তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হন বের্নাডো সিলভা ও মাতিও কোভাসিচ। দুটি শটই বাঁচিয়ে দেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক লুনিন । পরে আর ম্যাচে ফিরতে পারেনি ম্যানচেস্টার সিটি।

About Post Author