স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ এপ্রিল: জুন মাসে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। তার আগেই স্বস্তি ভারতীয় শিবিরে। রানে ফিরলেন যশস্বী জয়সওয়াল। সোমবার ওয়াংখেড়েতে জাতীয় দলের তরুণ ওপেনারের দুরন্ত শতরানে ভর করে মুম্বইকে হারাল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে মুম্বই। জবাবে ১৮.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় রাজস্থান।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি দলের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষান। প্রথম ওভারেই বোল্টের বলে আউট হন রোহিত। পরের ওভারে ঈশান। তিন নম্বরে নেমে ব্যর্থ সূর্য কুমার যাদবও। মহম্মদ নবি শুরুটা ভাল করলেও বড় রান পাননি। এই পরিস্থিতিতে দলকে টানলেন তিলক বর্মা ও নেহাল ওয়াধেরা। ৯৯ রানের জুটি গড়েন তারা। ৪৯ রানে আউট হন নেহাল। মারেন ৩ টি চার ও ৪ টি ছয়। বেশিক্ষণ টিকতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। একা মুম্বইয়ের রানকে এগিয়ে নিয়ে যান তিলক। সন্দীপ শর্মার বলে ৬৫ রান করে তিনি ফিরতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে মুম্বইয়ের লোয়ার অর্ডার। রাজস্থানের হয়ে একাই পাঁচ উইকেট নিলেন সন্দীপ শর্মা। ৪ ওভার বল করে খরচ করলেন মাত্র ১৮ রান। ট্রেন্ট বোল্টও ২ টি গুরুত্বপূর্ণ উইকেট পান। ১ টি করে উইকেট পান যুজবেন্দ্র চাহল ও আবেশ খান। নবিকে আউট করে আইপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ব্যক্তিগত ২০০ উইকেটের মালিক হলেন চাহল।
For his terrific five-wicket haul in the first innings, Sandeep Sharma bags the Player of the Match award ????
Rajasthan Royals finish Jaipur leg on a high with a comprehensive win ????????
Scorecard ▶️ https://t.co/Mb1gd0UfgA#TATAIPL | #RRvMI pic.twitter.com/5wEmcX61RR
— IndianPremierLeague (@IPL) April 22, 2024
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মন্থরভাবে করেন যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। তবে ইনিংস এগোনোর সঙ্গে রানের গতি বেড়েছে রাজস্থানের। মাঝে বৃষ্টির জন্য প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। তাতে যদিও জিততে অসুবিধে হয়নি রাজস্থানের। জস বাটলার শুরুটা ভাল করলেও শেষ পর্যন্ত খেলতে পারলেন না। পীযূষ চাওলার বলে ৩৫ রানের মাথায় বোল্ড হয়ে ফেরেন ইংরেজ ব্যাটার। বাটলার ফিরলেও দলকে মসৃণ গতিতে জয়ের পথে নিয়ে গেলেন যশস্বী। এবারের আইপিলে ব্যাটে রানের খরা কাটালেন তরুণ এই ক্রিকেটার। তাকে বেকায়দায় ফেলতে পারলেন না কোনও মুম্বই বোলার। এমনকি এই প্রতিযোগিতার সফলতম বোলার যশপ্রীত বুমরাকেও রেয়াত করলেন না যশস্বী। ৫৯ বলে শতরান পূর্ণ করলেন রাজস্থান ওপেনার। শেষ পর্যন্ত ৬০ বলে ১০৪ রানে অপরাজিত রইলেন তিনি। ৯ টি চার ও ৭ টি ছয় এল তার ব্যাট থেকে। তাকে সঙ্গ দিলেন সঞ্জু স্যামসন। তিনি করলেন ২৮ বলে ৩৮ রান। ২ টি করে চার ও ছয় মারলেন তিনি। মুম্বইয়ের হয়ে একটি মাত্র উইকেট পেয়েছেন পীযূষ চাওলা। মুম্বইকে হারিয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মুম্বই।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক