Home » Premier League: ডার্বিতে হেরে খেতাবি লড়াইয়ে চাপে লিভারপুল, শেফিল্ডকে হারিয়ে স্বস্তি ইউনাইটেড শিবিরে

Premier League: ডার্বিতে হেরে খেতাবি লড়াইয়ে চাপে লিভারপুল, শেফিল্ডকে হারিয়ে স্বস্তি ইউনাইটেড শিবিরে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ এপ্রিল: চলতি প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই ত্রিমুখী। গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়াইয়ে রয়েছে আর্সেনাল ও লিভারপুল । সেই লড়াইয়ে জোর ধাক্কা খেল য়ুর্গেন ক্লপের দল। মার্সেসাইড ডার্বিতে এভার্টনের কাছে ০-২ গোলে হেরে গেল অলরেডরা। অন্যদিকে শেফিল্ড ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এই মরশুম শেষে লিভারপুলকে বিদায় জানাবেন গুরু ক্লপ। ক্লাবে নিজের শেষ মরশুমটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন জার্মান কোচ। কিন্তু গত সপ্তাহে উয়েফা ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর, এবার প্রিমিয়ার লিগ জয়ের লড়াইয়েও বেশ কয়েক কদম পিছিয়ে পড়ল তারা। এই মরশুমে প্রচুর গোলের সুযোগ তৈরী করলেও কাজে লাগাতে পারেননি ডারউইন নুনেজ, মহম্মদ সালাহরা। বুধবারও তার ব্যতিক্রম ঘটল না। গোটা ম্যাচে মোট ৭৭ শতাংশ বল নিজেদের দখলে রাখে লিভারপুল । ২৩ টির মধ্যে ৭ টি শট ছিল বিপক্ষের গোলে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। এরজন্য অবশ্যই প্রশংসা করতে হয় এভার্টনের গোলরক্ষক জর্ডন পিকফোর্ডের। বেশ কয়েকবার দলের অবধারিত পতন রোধ করেন ইংল্যান্ডের জাতীয় দলের এই গোলরক্ষক।

ঘরের মাঠে বরং প্রতিআক্রমণাত্মক ফুটবলে বাজিমাৎ করেছে এভার্টন। ম্যাচের দুই অর্ধে দুটি গোল পেয়ে যায় তারা। ২৭ মিনিটে নীল জার্সিধারীদের প্রথমে এগিয়ে দিয়েছিলেন জ্যারেড ব্রেথওয়েট। ৫৮ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক ক্যালভার্ট লিউইন। গোল দুটি শোধ করতে পারেনি লিভারপুল। এই হারের ফলে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট পেয়ে দুনম্বরে য়ুর্গেন ক্লপের দল। সমসংখ্যক ম্যাচে ৭৭ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে আর্সেনাল। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট পেয়ে তিন নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি। এখন লিভারপুলকে প্রিমিয়ার লিগ জিততে অনেকটা নির্ভর করতে হবে বাকি দুই দলের উপর।

আরও পড়ুন: ISL 2024: রোমাঞ্চকর সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে এফসি গোয়াকে হারাল মুম্বই সিটি এফসি

লিগের অন্য একটি ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে তারা ৪-২ গোলে হারিয়ে দিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে। রেড ডেভিলদের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। দলের হয়ে বাকি দুটি গোল করেন হ্যারি ম্যাগুয়ের ও রাসমাস হুইল্যান্ড। এই জয়ের ফলে ৩৩ ম্যাচে ৫৩ পয়েন্ট পেয়ে তালিকার ছনম্বরে উঠে এল এরিক টেন হ্যাগের দল।

About Post Author